: সামশেরগঞ্জে রেশন সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রেশনের গম ও চাল উদ্ধার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার দুপুর প্রায় একটা নাগাদ ধুলিয়ানের তোফা বাজার ও বাসুদেবপুর এলাকার দু’টি গোডাউনে তল্লাশি চালিয়ে মোট ১০৩ বস্তা খাদ্যশস্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৯২ বস্তা গম এবং ১১ বস্তা চাল। প্রতিটি বস্তার ওজন আনুমানিক ৫০ কেজি। অভিযোগ, সরকারিভাবে রেশন ব্যবস্থার এই খাদ্যসামগ্রী অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল গোডাউনে। পুলিশ তদন্ত নেমে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কায়দার আলী, মহম্মদ সফিকুল আলম এবং সফিকুল আনসারী। কায়দার আলী ও মহম্মদ সফিকুল আলমের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়, অপরদিকে সফিকুল আনসারীর বাড়ি ঝাড়খণ্ডের পিয়ারাপুর এলাকায় বলে জানা গিয়েছে। এই ঘটনা সামনে আসতেই গ্রামে হৈ চৈ পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অভিযোগ দায়ের আসছিল অবৈধভাবে রেশন সামগ্রী মজুত করে রাখা হচ্ছে। পড়ে তা চড়া দামে বিক্রি করা হচ্ছিল। রাজ্যে খাদ্য মন্ত্রী ও খাদ্য দফতরের বিশেষ নিরদেশিকার পরে তৎপর হয় খাদ্য দফতর ও প্রশাসন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার হওয়া খাদ্যসামগ্রীর উৎস ও এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃত তিনজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। যদিও সাধারণ মানুষের রেশন সামগ্রী ঠিক মতো যাতে বন্টন করা হয় তার দিকে নজরদারি করছে খাদ্য দফতর।