• ২৪ ঘণ্টাও টিকল না! অজয় নদের জলের তোড়ে ফের ভাঙল বাবুপুর ফেরিঘাট, চরম দুর্ভোগে বাসিন্দারা
    News18 বাংলা | ০২ জুন ২০২৬
  • : ২৪ ঘণ্টা আগেই মেরামত করা হয়েছিল ফেরিঘাট। কিন্তু বর্ষার শুরুতেই প্রকৃতির খামখেয়ালিপনায় সেই আনন্দ ফিকে হয়ে গেল বীরভূমের দুবরাজপুর ব্লকে। মেরামতের একদিন কাটার আগেই অজয় নদের জলের তোড়ে ফের ভেসে গেল ফেরিঘাটের ভাসা ব্রিজ। যার জেরে মঙ্গলবার সকাল থেকে নতুন করে চরম ভোগান্তি ও যাতায়াতের সমস্যায় পড়েছেন দুবরাজপুর ও আশপাশের এলাকার হাজার হাজার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে অজয় নদ এবং হিংলা নদীর সংযোগস্থলে অবস্থিত এই ফেরিঘাটটি এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। বেশ কয়েকদিন ধরেই এই ফেরিঘাট নিয়ে নানা বিতর্ক ও টানাপোড়েন চলছিল। আগে এখানে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে টোল ট্যাক্স দিতে হত। সম্প্রতি রাজ্যের প্রশাসনিক পরিবর্তনের পর নতুন সরকারের উদ্যোগে সেই টোল আদায় বন্ধ করে দেওয়া হয়। টোলমুক্ত যাতায়াতের খবরে যখন এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, ঠিক তখনই কিছু দুষ্কৃতী ফেরিঘাটের একাংশ ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে।

    বাসিন্দাদের এই দুর্ভোগ মেটাতে এবং যাতায়াত মসৃণ করতে গত রবিবার দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা এবং দুবরাজপুর ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে ফেরিঘাটের ভাঙা অংশটি দ্রুত মেরামত করা হয়েছিল। কিন্তু সোমবার পেরিয়ে মঙ্গলবার সকালে আচমকাই অজয় নদে জলের পরিমাণ ও স্রোত এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। জলের সেই প্রবল টান সহ্য করতে না পেরে মেরামতি করা অংশটি ফের হুড়মুড়িয়ে ভেঙে ভেসে যায়।

    এই ঘটনার পর আজ সকাল থেকে বাবুপুর ফেরিঘাট দিয়ে চারচাকা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এলাকার লাইফলাইন এভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। বর্তমানে ফেরিঘাটের পাশেই থাকা একটি অস্থায়ী ও সংকীর্ণ বাঁশের মাচা দিয়ে কোনও রকমে ঝুঁকি নিয়ে মোটরবাইক, সাইকেল এবং হেঁটে নদী পারাপার করছেন সাধারণ মানুষ। নদী পারাপারের এই বিকল্প পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হওয়ায় যেকোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করুক, এখন এটাই দাবি লোবা গ্রাম পঞ্চায়েতের ভুক্তভোগী বাসিন্দাদের।
  • Link to this news (News18 বাংলা)