: আবারও বাঘের আক্রমণে আহত কুলতলির গোপাল নস্কর। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই নিয়ে পরপর তিনটি বাঘের আক্রমণের ঘটনা ঘটেছে। আহত গোপাল নস্করকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মাছ ধরার জন্য সুন্দরবনে তিন সঙ্গীর সঙ্গে পৌঁছেছিল গোপাল। অসাবধানতাবশত গোপাল একা হয়ে পড়লে তার উপর বাঘ আক্রমণ করে।
সেই সময় কাছে থাকা সঙ্গীরা জানতে পেরে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এরপর বাঘ সেখান থেকে পালিয়ে গেলে গোপালকে নিয়ে সঙ্গীরা ফিরে আসে। গোপালকে কলকাতায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরপর বাঘের আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় এভাবে বেঘোরে প্রাণ যাচ্ছে ধীবরদের। কুলতলিতেই আগের দিনই বাঘের আক্রমণে মৃত গোষ্ঠবিহারী জানার দেহ নিয়ে আসা হয়।
একজন নিখোঁজ রয়েছেন এখনও। ফলে প্রশ্ন উঠেছে মৎস্যজীবীরা কি বাঘের ডেরায় পৌঁছে যাচ্ছেন। অভাবের তাড়নায় বেশি মাছ কাঁকড়া পাওয়ার আশায়। জলে জঙ্গলে ঘেরা সুন্দরবন, জীবিকার প্রয়োজনে গভীর জঙ্গলে গিয়ে মাঝে মধ্যেই বাঘের আক্রমণের মুখে পড়েন বাসিন্দারা।
সমস্ত বাঘে আক্রমণে মৃত অথবা আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন মিঠুন মণ্ডল। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বাঘের আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেন। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। আহত ব্যক্তির দরকারে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।