• ইবোলা আতঙ্কে সতর্ক রাজ্য, বিমানবন্দরে আফ্রিকা ফেরত যাত্রীদের স্ক্রিনিংয়ে জোর
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুন ২০২৬
  • আফ্রিকার একাধিক দেশে ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। বিশেষ করে আফ্রিকা থেকে পশ্চিমবঙ্গে ফেরা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দমদম বিমানবন্দরেও বাড়ানো হয়েছে নজরদারি ও স্ক্রিনিং ব্যবস্থা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্যকে সতর্ক করেছে। সেই অনুযায়ী বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের মধ্যে জ্বর, দুর্বলতা, মাথাব্যথা, গলা ব্যথা বা ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা গেলে স্বঘোষণাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইবোলা বিশ্বের অন্যতম মারাত্মক সংক্রামক রোগ। ভাইরাস শরীরে প্রবেশ করলে হঠাৎ জ্বর, প্রবল দুর্বলতা, মাথাব্যথা এবং পরবর্তী সময়ে আরও গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে বা ভারতে ইবোলা আক্রান্ত কোনও রোগীর সন্ধান মেলেনি।

    স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন রোগীর রক্তের নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও পরীক্ষার জন্য বিশেষ নির্দেশিকা অনুসরণ করা হবে। পাশাপাশি যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি রাজ্যকে র‌্যাপিড রেসপন্স টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত মে মাসে আফ্রিকার কঙ্গো অঞ্চলে রহস্যজনক অসুস্থতা ও মৃত্যুর ঘটনা সামনে আসে। পরবর্তী পরীক্ষায় কয়েকজনের শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে উদ্বেগ বাড়তে শুরু করেছে। সেই প্রেক্ষিতেই রাজ্যে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)