• রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন নির্দেশিকা
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুন ২০২৬
  • রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। ২৯ মে জারি হওয়া একটি নির্দেশিকায় জানানো হয়েছে, শুধুমাত্র পিতার ওবিসি শংসাপত্র থাকলেই কোনও প্রার্থী ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন না। সংরক্ষণের সুবিধা পেতে হলে প্রার্থীকে অবশ্যই নন-ক্রিমি লেয়ার (এনসিএল) শ্রেণিভুক্ত হতে হবে এবং তার কাছে বৈধ ওবিসি-এনসিএল শংসাপত্র থাকতে হবে।

    সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, উচ্চশিক্ষায় ভর্তি এবং সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি প্রার্থীদের যোগ্যতা নিয়ে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সেই কারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। দপ্তরের মতে, ওবিসি সংরক্ষণ কেবলমাত্র সেইসব প্রার্থীর জন্য প্রযোজ্য, যাঁরা নন-ক্রিমি লেয়ারভুক্ত এবং নির্ধারিত কর্তৃপক্ষের জারি করা বৈধ ওবিসি-এনসিএল শংসাপত্র পেশ করতে সক্ষম।

    নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভর্তি বা নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে যদি কোনও প্রার্থী বৈধ ওবিসি-এনসিএল শংসাপত্র জমা দিতে না পারেন, তাহলে তিনি ওবিসি সংরক্ষণের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। সেক্ষেত্রে তাঁকে সাধারণ বা আনরিজার্ভড (জেনারেল) শ্রেণির প্রার্থী হিসেবে গণ্য করা হবে। উচ্চশিক্ষায় ভর্তি, নির্বাচন বা সরকারি নিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

    প্রশাসনের মতে, আবেদন প্রক্রিয়ার সময় থেকেই সংশ্লিষ্ট প্রার্থীদের সাধারণ শ্রেণিতে আবেদন করতে উৎসাহিত করা যেতে পারে, যাতে পরবর্তী পর্যায়ে কোনও বিভ্রান্তি বা জটিলতা তৈরি না হয়। এর ফলে ভর্তি বা নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে বলেই মনে করছে সরকার।

    এছাড়া, ক্রিমি লেয়ার বা নন-ক্রিমি লেয়ার নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের প্রচলিত নিয়ম, বিজ্ঞপ্তি এবং নির্দেশিকাই অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন দফতর, ভর্তি কর্তৃপক্ষ এবং নিয়োগকারী সংস্থাগুলিকে এই নির্দেশিকা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    সরকারি মহলের মতে, সংরক্ষণ সংক্রান্ত নিয়ম নিয়ে বিভ্রান্তি দূর করা এবং যোগ্য প্রার্থীদের যথাযথ সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণ প্রয়োগের ক্ষেত্রে আরও স্পষ্টতা আসবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)