গুজরাটের সুরাটে ভয়াবহ বাস দুর্ঘটনা। দু’টি সরকারি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ১৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ধুলে থেকে নবপুর হয়ে সুরাটের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। পথে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতটাই জোরে সংঘর্ষ হয়েছিল, বাসটি রাস্তার ডিভাইডার টপকে পাশের লেনে চলে যায়। সেখান দিয়ে তখন আর একটি সরকারি বাস যাচ্ছিল। সোজা তাকে গিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাসে প্রায় ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সংঘর্ষের পরেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পরে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রশাসন উদ্ধার ও ত্রাণকাজে সর্বাত্মক সাহায্য করছে। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।