তালপাতার তাল সরাতেই অস্ত্রভাণ্ডার! তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বিপুল কার্তুজ, চমকে দেবে তালিকা
News18 বাংলা | ০৩ জুন ২০২৬
: জীবনতলায় অস্ত্রভাণ্ডারের খোঁজ। শওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল বিপুল পরিমাণে কার্তুজ। কার্তুজগুলি দূরপাল্লার অস্ত্রের। ফলে আশেপাশে অস্ত্রগুলিও আছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় তৃণমূল জবেদ শেখের জীবনতলা থানার কালিকাতলা এলাকায় বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে জোর গুঞ্জন। ওই এলাকার আশেপাশে অনেক বন্দুক লুকিয়ে রাখা আছে, এমনই দাবি করছেন বিজেপি নেতারা। পুলিশকে সেগুলি খুঁজে বার করার জন্য তল্লাশি চালাতে অনুরোধ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ওই নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশির সময় বাড়ির পাশেই থাকা তালপাতা সরাতেই হইচই শুরু হয়ে যায়। দেখা যায়, বিপুল সংখ্যায় কার্তুজ রয়েছে। রাইফেলের মোট ৭৫ টি কার্তুজ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, প্রায় শতাধিক গুলির খোল পাওয়া গিয়েছে সেখান থেকে।
আর কোথাও কোনও অস্ত্র, কার্তুজ লুকিয়ে রাখা রয়েছে কিনা তা জানতে বাড়ির আশেপাশেও চলছে তল্লাশি। জবের শেখ একাধিক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ। খুনের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। যদিও তল্লাশির সময় বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
তদন্তকারীদের অনুমান, অস্ত্র অন্য কোথাও লুকিয়ে রাখা আছে। তৃণমূল এই ঘটনা নিয়ে কোনও কথা বলেনি। স্থানীয় বিজেপি নেতা সুমন হালদার বলেন, “জবেদের বিরুদ্ধে বহু জায়গায় গুলি চালানো, জমি দখল, তোলাবাজি এমনকী খুন করার অভিযোগ আছে। আমরা চাই ক্যানিং পূর্ব বিধানসভাতে যেখানে যত বেআইনি বন্দুক আছে, সেগুলো পুলিশ উদ্ধার করুক।”
ঘটনার পর অতি উৎসাহী স্থানীয় মানুষজন তালপাতার আড়ালে আর কী থাকতে পারে তা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছেন। সেখানে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের পর জবেদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।