আবেদন করেছিলেন মহিলা, টানা ৫ বছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে!
News18 বাংলা | ০৩ জুন ২০২৬
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের সোনাকুল গ্রামে। অভিযোগ, এক মহিলার নামে বরাদ্দ সরকারি অনুদানের টাকা টানা পাঁচ বছর ধরে অন্য এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনাকুল গ্রামের বাসিন্দা নুন নাহার ২০২০ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর দাবি, আবেদন করার পরও তিনি আজ পর্যন্ত প্রকল্পের কোনও আর্থিক সুবিধা পাননি। অভিযোগ, ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তাঁর নামে বরাদ্দ অনুদানের টাকা এলাকার বাসিন্দা ও পেশায় প্রাইভেট টিউটর গোলাম মর্তুজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে।
আরও পড়ুন: সরাসরি অ্যাকাউন্টে ৩০০০ টাকা…! অন্নপূর্ণা যোজনায় অনলাইনে কীভাবে Apply করবেন জেনে নিন? কোন ‘ভুলে’ বাতিল হতে পারে ‘ফর্ম’?
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় নেতা ওমপ্রকাশ ঘোষ বলেন, “এটি বিচ্ছিন্ন ঘটনা নাও হতে পারে। তাঁর দাবি, আরও কয়েকটি ক্ষেত্রে একই ধরনের অনিয়মের অভিযোগ সামনে আসছে। তাই গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।”
অন্যদিকে গোলাম মর্তুজার বক্তব্য, “বিষয়টি সম্পর্কে তিনি আগে কিছুই জানতেন না। সম্প্রতি ঘটনাটি তাঁর নজরে আসে। এরপরই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টে জমা পড়া অর্থ সরকারকে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানান।”
এ বিষয়ে স্থানীয় বিধায়ক মতিবুর রহমান বলেন, “সরকারি প্রকল্পের অর্থ বণ্টনে কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।