• টাকার পাহাড় সুরেন্দ্রনাথ কলেজে! ইউনিয়ন রুম থেকে উদ্ধার উইয়ে খাওয়া কয়েক লক্ষ নোট
    eTV Bharat | ০২ জুন ২০২৬
  • কলকাতা, 2 জুন: এবার টাকার পাহাড় কলকাতার স্বনামধন্য সুরেন্দ্রনাথ কলেজে! এদিন কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা। থরে থরে 500, 100 টাকার নোট, যার বেশিরভাগই উইপোকায় নষ্ট করে দিয়েছে। যা নিয়ে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে ৷

    কলেজ সূত্রের খবর, গত 4 মে ভোটের ফল প্রকাশের পর থেকেই সুরেন্দ্রনাথ কলেজের ওই ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে ওই ঘরে কেউ ঢোকেনি।

    জানা যাচ্ছে, বর্ষার আগে ডেঙ্গি মশা নিধনে এদিন কলেজে গিয়েছিলেন পুরসভার সাফাই কর্মীরা ৷ বন্ধ অপরিচ্ছন্ন রুম দেখে তালা খোলার নির্দেশ দিয়েছিলেন পুরসভার কর্মীরা ৷ চাবি খুঁজে পাওয়া যায়নি ৷ তখন অধ্যাপকদের অনুমতি নিয়ে ওই ইউনিয়ন রুমের তালা ভাঙেন সাফাই কর্মীরা। এরপরই বন্ধ ঘরের ভিতরে থাকা আলমারি থেকে তৃণমূল কংগ্রেসের প্রচুর ব্যনার এবং দু'ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়।

    এই টাকার উৎস ঘিরেই উঠছে প্রশ্ন । কোথা থেকে এত টাকা এল ? কলেজ সূত্রের খবর, কলেজের আরও কয়েকটি ঘর বহুদিন তালাবন্ধ অবস্থায় রয়েছে । স্বভাবতই, সেখান থেকেও এরকম কিছু মেলে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে ৷

    গোটা ঘটনার নেপথ্যে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের দুর্নীতির গন্ধ দেখছেন বিজেপির বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, "এই বাংলায় আমরা কত কিছু দেখেছি। এখন দেখছি তৃণমূলের ছাত্রদের ইউনিয়নের রুমে লাখ লাখ টাকা । আবার সেই টাকা উই পোকায় খাওয়া। কত টাকা থাকলে পরে উইপোকায় টাকা খায় !"

    সজলের দাবি, "এই সব টাকা ছেলে মেয়েদের কলেজে ভর্তির টাকা। এদের কোনওদিন পুলিশ ধরেনি। এদের এই কাণ্ডে মাথা থেকে পা পর্যন্ত জড়িত। এই টাকা নিয়ে ভর্তির দুর্নীতির কারণে একটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিল। এদের ইতিমধ্যেই গ্রেফতার করা উচিত।" সজলের আরও দাবি, কলেজের ইউনিয়ন রুমে তল্লাশি চালিয়ে এমন কিছু নথি মিলেছে যা থেকে অনুমান, এখান থেকে চাকরি বিক্রির চক্রও সক্রিয় ছিল। দীর্ঘদিন ধরে ইউনিয়ন রুমটিকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের আখড়া হিসেবে ব্যবহার করা হতো বলেও সরব হয়েছেন সজল ৷

    টাকা উদ্ধারের খবর ছড়াতেই দ্রুত সুরেন্দ্রনাথ কলেজে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। কলেজের দুটি বিভাগের দুই প্রিন্সিপাল নিজেদের মধ্যে জরুরি আলোচনা সেরে এই বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করেছেন বলে খবর । পুলিশ সূত্রে খবর, স্যুটকেস বন্দি উইয়ে খাওয়া টাকার পাশাপাশি ঘরটি থেকে বেশ কিছু ভাউচারও উদ্ধার করা হয়েছে ।

    তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এই সমস্ত ভাউচার ব্যবহার করেই বিভিন্ন খাত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল । এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (eTV Bharat)