• রোডম্যাপ সামনে না-এলে বিনিয়োগে অনিচ্ছুক ইমামি ! ভারতসেরা হয়েও সংশয় ইস্টবেঙ্গলে
    eTV Bharat | ০২ জুন ২০২৬
  • কলকাতা, 2 জুন: আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার রেশ লাল-হলুদ সমর্থকদের মধ্যে এখনও ফিকে হয়নি ৷ এরইমধ্যে নতুন মরশুমের দলগঠন থেকে লগ্নিকারী ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক নিয়ে সংশয় ৷ সোমবার বিকেলটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য মোটেই ভালো গেল না ৷ এককথায় বলা যায়, ভারতসেরা হয়েও শঙ্কার কালো মেঘ এখন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ৷ রবিবার চুক্তি শেষ হতেই সোমবার কোচ অস্কার ব্রুজোঁ সোশাল মিডিয়ায় ইস্তফার কথা জানিয়ে দিয়েছেন ৷ আর সেদিনই ভবিষ্যৎ নিয়ে বড় সমস্যায় লাল-হলুদ ৷

    অথচ আইএসএল জয়ের পর আগামী মরশুমের দলগঠনে ঝাঁপানোর কথা ছিল লাল-হলুদের। লক্ষ্য স্থির করতে সোমবার বৈঠকে বসেছিল দু'পক্ষ ৷ কিন্তু দলগঠন তো দূর, সেই বৈঠকের শেষে ইস্টবেঙ্গল-ইমামি গাঁটছড়া অটুট থাকার বিষয়টি নিয়েই উঠে গেল প্রশ্নচিহ্ন ৷ দিনপাঁচেক আগেও বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছিল ৷ সেদিন যেটুকু আশার আলো দেখা গিয়েছিল, সোমবারের বৈঠকে তা অনেকটাই ফিকে ৷ স্বাভাবিকভাবেই মন খারাপ সমর্থকদের ৷ অগস্টে এএফসি প্রতিযোগিতায় খেলতে হবে ইস্টবেঙ্গলকে ৷ তার আগে এই সমস্যা সমাধান হওয়া খুব জরুরি ছিল ৷ নতুন মরশুমে কোচ কে হবেন, দলে কোন কোন তারকা থাকবেন; সবটাই এখন আঁধারে ৷

    সোমবার ইমামি হাউজে দীর্ঘ সময় বৈঠক করে ইমামি-ইস্টবেঙ্গল দু'পক্ষ ৷ সেই বৈঠক শেষে সম্পর্ক ছিন্ন হওয়ার ব্যাপারেও কোনও স্পষ্ট ইঙ্গিত নেই ৷ বৈঠকে উপস্থিত এক কর্তা জানান, ক্লাবের তরফে ইনভেস্টর হিসেবে ইমামিকে রেখে দেওয়ার চেষ্টা চলছে ৷ সম্ভাবনা 50-50 ৷ তবে বৈঠক সেরে বেরিয়ে এসে কোনও কথাই বলতে চায়নি কোনও পক্ষ ৷ এদিন ইস্টবেঙ্গলের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার, সদানন্দ মুখোপাধ্যায়, রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায় ও প্রণব দাশগুপ্ত ৷

    জটটা ঠিক কোথায় ? কোনওপক্ষই স্পষ্টভাবে মুখ খুলছে না ৷ তবুও ইমামি'র তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফুটবল ক্যালেন্ডার প্রকাশ না-করলে বিনিয়োগ অনিশ্চিত ৷ ফেডারেশনের সূত্র বলছে, 15 জুনের মধ্যে ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করা হবে ৷ সেটা বাস্তবে হলে বিনিয়োগের বিষয়টি উজ্বল হবে ৷ না-হলে পরিস্থিতি ফের জটিল হবে বৈকি ৷ অস্কার ব্রুজোঁ দায়িত্ব ছাড়ায় তাঁর পছন্দের মিগুয়েল ফিগেরা, কেভিন সিবিলের মত কয়েকজন বিদেশিরও দল ছাড়ার সম্ভাবনা প্রবল হয়েছে ৷

    সবমিলিয়ে পরের মরশুমের দলগঠন যেমন সমস্যায় পড়ল, তেমনই সমস্যা হল এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েও ৷ অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টেও নতুন কোচের খোঁজ চলছে ৷ তবে সূত্রের খবর, নতুন ফুটবলার সই করার ব্যাপারে তারা অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ ফলে ফের পিছিয়ে পড়তে পারে লাল-হলুদ ব্রিগেড ৷ যদি ইমামির সঙ্গে সত্যিই সম্পর্ক ছিন্ন হয়, তা হলে সমস্যা আরও বাড়বে। দল চালানোর যে বিপুল খরচ তা বইতে হবে ক্লাবকে ৷ এদিকে কলকাতা লিগ দরজায় কড়া নাড়ছে ৷ সে কারণেই দ্রুত সমাধান জরুরি ইস্টবেঙ্গলের জন্য ৷
  • Link to this news (eTV Bharat)