• তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলার
    এই সময় | ০৩ জুন ২০২৬
  • তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার আরও এক তৃণমূল কাউন্সিলার। এ বার গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুরকে। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে গড়ফা থানার পুলিশ।

    স্থানীয় প্রোমোটার এবং বিভিন্ন দোকানদারের থেকে নানা সময় তিনি হুমকি দিয়ে তোলাবাজি করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতেই এই গ্রেপ্তারি।

    অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নির্মাণকাজ ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে অর্থ আদায় করেছেন অরিজিৎ দাস ঠাকুর। এ নিয়ে কয়েকজন প্রোমোটার এবং দোকানদার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গড়ফা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য সামনে আসার পর মঙ্গলবার রাতে অরিজিৎ দাস ঠাকুরকে গ্রেপ্তার করা হয়।

    এর আগেই গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলারকে। মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শচীন সিং-কে। তাঁর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে। ওই কাউন্সিলারকে গ্রেপ্তার করেছে নারকেলডাঙা থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করেছেন শচীন সিং। তোলাবাজি ছাড়াও মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

    এর আগে কলকাতার পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন একাধিক ব্যবসায়ী।

    অন্য দিকে, মঙ্গলবারই পদত্যাগ করেছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং। ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)