বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কোতোয়ালি থানা এলাকার দক্ষিণ মালাকা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বীরেন্দ্র বৈশ্য, অনীতা এবং মীনাক্ষী। পুলিশ জানিয়েছে, সম্পর্কে অনীতা বীরেন্দ্রর স্ত্রী এবং মীনাক্ষী তাঁদের মেয়ে। বাড়ির মধ্যে তিনটি আলাদা ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বীরেন্দ্রর বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ।। বীরেন্দ্রর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়ির তিনটি আলাদা আলাদা ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় ওই তিনজনের দেহ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে বীরেন্দ্র এবং অনীতার ছেলে অভিষেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই তিনজনকে। তিনটি মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনায় বীরেন্দ্রর ছেলে অভিষেক জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সম্প্রতি পরিবারের মধ্যে কোনও অশান্তি হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
বীরেন্দ্রর তিনতলা বাড়ির নীচের অংশে রয়েছে কমার্শিয়াল প্লেস। সেই অংশের ভাড়াটিয়াদের সঙ্গে কোনও বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যান্য সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ।