• বীরভূমে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে চুরমার ২ পরিবার! বাবা ও ছেলে-সহ মৃত ৩
    News18 বাংলা | ০৩ জুন ২০২৬
  • : বীরভূমের মল্লারপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও ছেলে-সহ তিনজন। মঙ্গলবার বিকেলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তীব্র গতি এবং বেপরোয়া বাইক চালনাই এই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে।

    স্থানীয় সূত্রে খবর, মল্লারপুরের মুদিয়ান এলাকার বাসিন্দা সেন্টু পটুয়া ও তাঁর ছেলে তাপস পটুয়া রাজমিস্ত্রির কাজ সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির বাইকের সঙ্গে তাঁদের মুখোমুখি জোরালো সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠু শেখ নামে আরও এক জনের প্রাণ যায়। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

    মৃত পটুয়া পরিবারের সদস্য বিশ্বজিৎ পটুয়া জানিয়েছেন, যে মোটর বাইকটিকে ধাক্কা মারে সেই মোটরবাইকটিতে চারজন যাত্রী ছিলেন। দ্রুতগতিতে আসছিল আর তারাই নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পরিবারের সদস্যদের ধাক্কা মারে। একই দাবি করতে দেখা গিয়েছে এই দুর্ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী খালিদ হোসেন শেখকে। তিনি জানিয়েছেন, রাস্তা ফাঁকা ছিল। দ্রুত গতিতে যাওয়ার ফলেই দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে এবং এমন পরিস্থিতি তৈরি হয়।

    প্রত্যক্ষদর্শী ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, একটি বাইকে চারজন আরোহী ছিলেন এবং অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই ঘটনার পর থেকে পুরো মল্লারপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বেপরোয়া বাইক চালনা ও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (News18 বাংলা)