'১০ থেকে ১৫ জন সাংসদ ফোন করেছেন...', তৃণমূলের ভাঙন ভীতি আরও বাড়িয়ে দিলেন দিব্যেন্দু অধিকারী!
News18 বাংলা | ০৩ জুন ২০২৬
দল বদল করতে চেয়ে তৃণমূলের অন্তত ১০ থেকে ১৫ জন সাংসদ তাঁকে ফোন করেছেন বলে দাবি করলেন এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী৷ সম্পর্কে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই৷ যদিও দিব্যেন্দুর দাবি, দল বদল নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি যে নির্দেশ দিয়েছেন, সেটাই মেনে চলা হবে৷
ইতিমধ্যেই দলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে সাসপেন্ড করেছে তৃণমূল৷ তার পর থেকেই তৃণমূলে আড়াআড়ি ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে৷ শুধু বিধায়করাই নন, এবার তৃণমূলের সাংসদদের নিয়েও জল্পনা বাড়িয়ে দিলেন এগরার বিজেপি বিধায়ক৷
দিব্যেন্দুর দাবি, ‘আমার কাছে অন্তত ১০ থেকে ১৫ জন তৃণমূল কংগ্রেসের সাংসদের ফোন এসেছে। আমি হাত জোড় করে তাঁদের বলেছি, দলের সভাপতিই শেষ কথা। আমাদের দলের রাজ্য সভাপতি বলেছেন আমরা কাউকে নেব না। অনেকেই যোগাযোগ করছেন। সভাপতি যা নির্দেশ দিয়েছেন এক ইঞ্চি এক পা-ও কেউ এগোবেন না।’
দুই বিধায়ককে সাসপেন্ড করা নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছেন দিব্যেন্দু অধিকারী৷ এগরার বিধায়ক বলেন, ‘তৃণমূলে সাসপেন্ড হওয়া আর দলে থাকার কোনও মানে নেই৷ এই দলটাই তো সাময়িক। অল্প দিনের মধ্যে এ দল উঠে যাবে।’
তৃণমূলের ভরাডুবির জন্য নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন এগরার বিজেপি বিধায়ক৷ দিব্যেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যিনি দলের দায়িত্বে এলেন, তিনি দলের অভিমুখটাই পুরো বদলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা কর্পোরেট সংস্কৃতির মধ্যে ঢুকে গিয়েছেন৷’
রাজ্যের নতুন মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে চার জন মন্ত্রী জায়গা পেয়েছেন৷ তার জন্যও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এগরার বিজেপি বিধায়ক৷