• কাঠফাটা গরমে বিনা খরচে সোজা দার্জিলিং! কোথা থেকে, কখন ছাড়বে বাস? মহিলাদের জন্য বড় ঘোষণা
    News18 বাংলা | ০৩ জুন ২০২৬
  • এবার বিনামূল্যে শৈলশহর ভ্রমণ! গরম থেকে সরাসরি পাহাড়, মহিলাদের জন্য দার্জিলিং যাত্রা এবার একেবারে ‘ফ্রি’। সমতলের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। একটু স্বস্তির খোঁজে অনেকেই ভাবছেন পাহাড়ে যাওয়ার কথা, কিন্তু সেই ইচ্ছে প্রায়ই থেমে যায় গাড়িভাড়ার বাড়তি খরচের কাছে। এবার সেই চিন্তার অবসান! মহিলাদের জন্য খুলে গেল বিনামূল্যে দার্জিলিং ভ্রমণের সুযোগ।

    রাজ্য সরকারের নির্দেশে রাজ্য পরিবহন সংস্থার উদ্যোগে এখন মহিলারা একেবারে বিনা ভাড়ায় দার্জিলিং যেতে পারবেন। জলপাইগুড়ির নেতাজিপাড়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭’টায় রওনা দেয় এনবিএসটিসি-র বাস। শিলিগুড়ি হয়ে সেই বাস পৌঁছে যায় শৈলশহর দার্জিলিংয়ে, যেখানে অপেক্ষা করছে ঠান্ডা হাওয়া, সবুজ পাহাড় আর মনোরম প্রকৃতি। ডিপো ইনচার্জ শ্যামল দাস জানিয়েছেন, এই পরিষেবায় মহিলাদের জন্য কোনও ভাড়া লাগবে না। ফলে দক্ষিণবঙ্গ থেকে শিলিগুড়ি এসে বাস ধরলেই সহজেই পৌঁছে যাওয়া যাবে দার্জিলিংয়ে।

    এই পরিষেবার ফলে পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। স্থানীয় হোটেল, দোকান ও পরিবহন ব্যবসায়ীদের আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি মহিলাদের নিরাপদ ও স্বচ্ছন্দ ভ্রমণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই বহু মহিলা এই সুযোগের কথা জেনে আগ্রহ প্রকাশ করেছেন এবং অনেকে পরিকল্পনাও শুরু করে দিয়েছেন। সপ্তাহান্তে এই বাস পরিষেবায় বাড়তি ভিড় হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

    এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। অনেকেই বলছেন, এতদিন যেখানে পাহাড় ভ্রমণ মানেই ছিল বাড়তি খরচ, সেখানে এই সুবিধা সত্যিই বড় স্বস্তি। বিশেষ করে মহিলাদের জন্য এটি এক নতুন সুযোগ। সুমনা মুখোপাধ্যায় জানান, বান্ধবীদের সঙ্গে এবার দিঘা, দার্জিলিং ঘুরতে যাওয়া যাবে। এতদিন বাড়তি বাজেটের জন্যে প্ল্যান ক্যানসেল হত। এবার তার মুশকিল আসান হয়েছে। নিজেদের মতো করে পাহাড় উপভোগ করা যাবে। তাই এবার গরমের হাত থেকে বাঁচতে এবার পাহাড় ডাকছে…আর সেই ডাক এখন একেবারেই বিনামূল্যে।
  • Link to this news (News18 বাংলা)