গরমে নাজেহাল পড়ুয়ারা, সকালে পঠনপাঠন শুরু করতে নির্দেশিকা
বর্তমান | ০৩ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গরম কমার বদলে বেড়েই চলেছে। এদিকে ছুটিও শেষ। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বস্তি দিতে সকালে স্কুল করার ছাড়পত্র পেল গৌড়বঙ্গের সরকারি প্রাইমারি এবং হাইস্কুলগুলি।
সোমবার রাতে এব্যাপারে দুই দিনাজপুর ও মালদহ জেলার স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) কাছে শিক্ষা দপ্তরের একটি নির্দেশিকা এসেছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, ভ্যাপসা গরম থেকে বাঁচতে কর্তৃপক্ষ চাইলে সকালে স্কুল শুরু করতে পারে। আপাতত দু’সপ্তাহের জন্য এই নির্দেশিকা বলবৎ থাকবে বলে জানা গিয়েছে।
গ্রীষ্মকালীন ছুটি শেষে চলতি সপ্তাহের সোমবার স্কুল খুলেছে। তাতে অবশ্য অসন্তোষ বাড়ে পড়ুয়া এবং শিক্ষকমহলে। গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা বদলের প্রসঙ্গে ফের চর্চাও শুরু হয়। অনেকে বলেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে সময় গরম বেশি থাকে, তখন স্কুল ছুটি দেওয়া হয়। অথচ একই সময়ে উত্তরবঙ্গে আবহাওয়া অনেকটা স্বস্তিদায়ক থাকার ফলে ছুটি না দিলেও চলে। তাই গরমের ছুটির সময় বদলের প্রয়োজন। সকলেই চান গরমের ছুটির সময় বদল করা হোক। এরপরই সকালে স্কুল করার ব্যাপারে নির্দেশিকা আসে। তাতে নড়েচড়ে বসেছে বেশকিছু প্রাইমারি এবং হাইস্কুল কর্তৃপক্ষ।
এপ্রসঙ্গে রায়গঞ্জের ভুপালচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক উৎপল কুমার গোস্বামী বলেন, দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরবঙ্গের স্কুলে ছুটি দেওয়া হয়। যা নিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়ামহলে অসন্তোষ আছে।
গ্রীষ্মকালীন ছুটি শেষে সোমবার স্কুল খুললেও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গরম হওয়া বইছে। পড়ুয়াদের একাংশ অসুস্থও হয়ে পড়ছে। এই অবস্থায় নতুন নির্দেশিকা অনুযায়ী চাইলে সকালে স্কুল শুরু করা যেতে পারে। উত্পল বলেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার স্কুলে নোটিশ দেওয়া হয়েছে। আজ, বুধবার থেকে সকালে স্কুল হবে। পৌনে সাতটার মধ্যে পড়ুয়াদের স্কুলে আসতে হবে। সাতটা থেকে ক্লাস শুরু হয়ে চলবে সাড়ে এগারোটা পর্যন্ত।
রায়গঞ্জ শহর সহ জেলার বিভিন্ন ব্লকের বহু স্কুল অন্তত সপ্তাহ দুয়েকের জন্য সকালে স্কুল করার পথে হাঁটছে। চূড়ামণ প্রহ্লাদ চন্দ্র হাইস্কুল, বানবোল মহিলাল গার্লস হাইস্কুল, বাজে দক্ষিণাল জুনিয়র হাইস্কুলও একই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রায়গঞ্জ শহরের একাধিক স্কুল সকালে করার প্রস্তুতি শুরু করেছে। সরকারি সিদ্ধান্তে খুশি স্কুল কর্তৃপক্ষও।
জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের নির্দেশিকা এসেছে। আপাতত দু’সপ্তাহের জন্য এই নির্দেশিকা বলবৎ থাকবে। সেই মতো স্কুলগুলিকে পদক্ষেপ করতে বলা হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) আবুল হাসান বলেন, মঙ্গলবার থেকে সকালে স্কুল শুরু হবে জেলায়। সাড়ে ছ’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলবে।
মালদহ জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় রায়ও জানিয়েছে, দু’সপ্তাহ সকালে স্কুল শুরু করছি আমরা। • ছাতা মাথায় স্কুলের পথে। রায়গঞ্জে তোলা নিজস্ব চিত্র।