• ভোট পরবর্তী হিংসায় ধৃত কাউন্সিলার শচীন সিং
    বর্তমান | ০৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুদীপ পোল্লের পর এবার শচীন সিং! ফের এক কাউন্সিলার গ্রেপ্তার কলকাতা শহরে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে, মঙ্গলবার নারকেলডাঙা থানার পুলিশ কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মূল অভিযুক্ত শচীন সিংকে গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র এই খবর জানিয়েছেন। 

    উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের পর বেলেঘাটা, নারকেলডাঙা, চিৎপুর, যাদবপুরের মতো থানা এলাকাতে পরাজিত বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে জোর করে ঢুকে মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর, প্রাণে মারার হুমকি দেওয়া সহ একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছিল।  এমনকি এই নারকেলডাঙা থানার নর্থরোডে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন করার ঘটনাটি এখনও বিচারাধীন।  

    ভোট পরবর্তী হিংসার পর কলকাতা সহ গোটা রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। তৎকালীন শাসকের রোষে পড়ার ভয়ে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে উঠতে পারেননি। এবারে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়দানের পর সাহস করে ২১’এর ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীরা পুলিশের দ্বারস্থ হচ্ছেন।

    চলতি বছরের ১৭ মে  এবং ২৭ মে নারকেলডাঙা থানায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের করেন  বিজেপি কর্মী আদর্শ পাণ্ডে এবং চন্দ্রপ্রকাশ সিং। যার ভিত্তিতে দু’টি পৃথক  মামলা দায়ের করা হয় পুরসভার কাউন্সিলার শচীন সিংয়ের বিরুদ্ধে। কে এই শচীন সিং? আদতে বিহারের আদি বাসিন্দা। ছোটো থেকেই বেলেঘাটাতে বেড়ে উঠা। শচীন প্রথম জীবনে রাজারহাটের লাউহাটি এলাকায় ইট, বালি, স্টোনচিপসের সিন্ডিকেট কারবার করত। ২০১১ সালে পালাবদলের পর ক্রমশ তৃণমূল ঘনিষ্ঠ হয়ে ওঠে। তৃণমূল যুবা গঠনের পর শচীন তাতে নাম লেখায়। ধীরে ধীরে মেট্রোপলিটনের তৃণমূলের নেতা এবং তৃণমূলের প্রভাবশালী যুব নেতার ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে শিয়ালদহ স্টেশন চত্বরে অটো-ট্যাক্সি স্ট্যান্ডে শচীন ছড়ি ঘোরাতে শুরু করেন বলে অভিযোগ। ঘটনাচক্রে শিয়ালদহ স্টেশন চত্বরে ততদিনে কেলে ভোলা গ্যাংয়ের দাপট অস্তমিত হয়েছে। সেই সুযোগে হকারদের থেকে তোলাবাজি, শিয়ালদহ স্টেশনের পার্সেল বুকিং জোনে সিন্ডিকেট ব্যবসা, দূরপাল্লার ট্রেনে এজেন্সি মারফত ঠিকা কর্মী নিয়োগের মতো একাধিক কারবারে নিজেকে জড়িয়ে ফেলে এই শচীন সিং। কলকাতা পুরসভার ধৃত এই কাউন্সিলারকে আজ বুধবার দুপুরে আদালতে হাজির করানোর কথা।
  • Link to this news (বর্তমান)