এ সপ্তাহেই চালু ১০০ দিনের কাজ, এক মাসের জন্য বাংলাকে দেড় কোটি কর্মদিবস মঞ্জুর
বর্তমান | ০৩ জুন ২০২৬
প্রীতেশ বসু, কলকাতা: কাটতে চলেছে চার বছরের খরা! চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গে ‘মনরেগা’ প্রকল্প অর্থাৎ ১০০ দিনের কাজ শুরু হচ্ছে। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের জন্য ১ কোটি ৪০ লক্ষ থেকে দেড় কোটি শ্রমদিবস মঞ্জুর করতে চলেছে কেন্দ্র। আগামী ১ জুলাই থেকে ‘মনরেগা’র পরিবর্তে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু হবে ‘ভিবি জি রাম জি’ বা ১২৫ দিনের কাজের প্রকল্প। তার আগেই প্রায় এক মাস এ রাজ্যের জবকার্ড হোল্ডারদের হাতে কাজ দিতে দু’-এক দিনের মধ্যেই ‘মনরেগা’ প্রকল্পের আওতায় নয়াদিল্লি শ্রমদিবস বরাদ্দ করতে চলেছে বলে সূত্রের খবর।
আর্থিক অনিয়মের অভিযোগে ২০২২ সালের মার্চ মাস থেকে বাংলায় ১০০ দিনের কাজে অর্থবরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রের মোদি সরকার। তার পর থেকে প্রতিটি আর্থিক বছরে রাজ্য নিয়ম মেনে শ্রমদিবস সংক্রান্ত প্রস্তাব পাঠালেও কেন্দ্রের অনুমোদন মেলেনি। গত বছর সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বাংলায় অবিলম্বে ‘মনরেগা’ প্রকল্প চালু করার নির্দেশ দেয় কেন্দ্রকে। তার প্রেক্ষিতে গত ডিসেম্বরের গোড়ায় কাজ শুরুর জন্য একগুচ্ছ শর্ত বেঁধে দিয়ে চিঠি পাঠায় মোদি সরকার। তবে সেই শর্তগুলি মানতে রাজি হয়নি পূর্বতন সরকার। রাজ্যে পালাবদলের পর স্বাভাবিকভাবেই সেসব শর্ত মেনে নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে মে মাসের শেষে ‘মনরেগা’ সংক্রান্ত এগজিকিউটিভ কমিটির বৈঠক ডাকে কেন্দ্র। সেখানে যোগ দেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারাও। সূত্রের খবর, সেই বৈঠকেই পশ্চিমবঙ্গে কাজ শুরুর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয় কেন্দ্রের তরফে।
কাজ শুরু করতে গেলে আগে শ্রমদিবস বরাদ্দ করতে হয় কেন্দ্রকে। জানা গিয়েছে, আগামী এক মাসের জন্য প্রায় দেড় কোটি শ্রমদিবসের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখন কেবল এ সংক্রান্ত অনুমোদনের চিঠি বা নির্দেশিকা আসার অপেক্ষা। আগামী দু’-এক দিনের মধ্যে সেই চিঠি রাজ্যের হাতে এসে পৌঁছাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। চিঠি পেলেই কোন জেলায় কত কাজ হবে, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। সেই সঙ্গে কাজ দেওয়া শুরু হয়ে যাবে জবকার্ড হোল্ডারদের। গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলাস্তরের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শেষ করেছে রাজ্য। দ্রুত কাজ শুরু করার নির্দেশও পৌঁছে গিয়েছে জেলাস্তরে।
চার বছর পর ১০০ দিনের কাজ শুরু হলে অন্যান্য রাজ্যের মতো এখানেও চালু হবে ‘ফেস রেকগনিশান অ্যাটেনডেন্স’ ব্যবস্থা। কাজে যোগ দেওয়ার সময় জবকার্ড হোল্ডারের ‘ফেস রেকগনিশান’ করে হাজিরা দেওয়ার পাশাপাশি চার ঘণ্টা পরপর একইভাবে তাঁদের উপস্থিতির প্রমাণ দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। সমস্ত ঝাড়াই-বাছাইয়ের পর বর্তমানে রাজ্যে জবকার্ড হোল্ডারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লক্ষে। এর মধ্যে আধার ‘সিডিং’ রয়েছে ২ কোটি ৫৫ লক্ষের। তবে ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে ৭৫ শতাংশের। আগামী কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। ১ জুলাই থেকে ‘ভিবি জি রাম জি’ শুরু হচ্ছে দেশজুড়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এক মাসে দেড় কোটি শ্রমদিবস সৃষ্টি সম্ভব না হলে বাকি শ্রমদিবসের কী হবে? কেন্দ্রের নিয়ম অনুযায়ী ১ জুলাই থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে ‘ভিবি জি রাম জি’ প্রকল্প চালু করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১ জুলাই থেকেই এই প্রকল্প চালুর টার্গেট নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার বৈঠকও করেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ফলে ১ জুলাইয়ের আগেই ‘মনরেগা’র দেড় কোটি শ্রমদিবস সৃষ্টির জন্য ঝাঁপাতে হবে সরকারকে। সেই মতো জেলায় জেলায় এই নির্দেশ পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে বলে খবর।