নিজস্ব প্রতিনিধি, বারাসত: ধৃত তৃণমূল নেতাদের জেরা করে ফের বড় সাফল্য পেল গোবরডাঙা থানার পুলিশ। ওসি পিংকি ঘোষের নেতৃত্বে তদন্তে নেমে ওই নেতাদের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী ও ব্যবসায়িক সহযোগী সুদেব শীলের বাড়িতে সোমবার রাতভর তল্লাশি চালানো হয়। তাতেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। সেইসঙ্গে সুদেব শীল ও উৎপল মজুমদার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
দক্ষিণ বেতপুলে সুদেব শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দুটি ডবল-ট্রিগারের দোনালা বন্দুক, একটি ৭ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং মোট ১৩৯ রাউন্ড কার্তুজ। তদন্তকারীদের অনুমান, এর পিছনে একটি সু-সংগঠিত চক্র কাজ করছিল। প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি সহ একাধিক অভিযোগে শ্রীঘরে আছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহা। এখন তাঁরা পুলিশি হেফাজতে। জেরাতে পাওয়া তথ্যের ভিত্তিতেই লাগাতার অভিযানে নামছে গোবরডাঙা থানার পুলিশ।
ক’দিন আগে ধৃত সুজিত সাহার একটি জমি খুঁড়ে অস্ত্রভাণ্ডারের হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই এবার সুদেব শীলের বাড়িতে অভিযান চালানো হয়। তাতেই উদ্ধার হল অস্ত্র ও কার্তুজ। তদন্তে উঠে এসেছে সুদেব ও উৎপল দীর্ঘদিন ধরেই অজিত-সুজিতের ঘনিষ্ঠ। অজিত সাহার সিন্ডিকেট ব্যবসা, জমি দখল এবং তোলাবাজির নেটওয়ার্ক পরিচালনা করত তাঁর ভাই সুজিত সাহা। এছাড়া সুজিতের বিদেশে, বিশেষত দুবাইয়ে ব্যবসা আছে। সেই ব্যবসার অন্যতম সহযোগী সুদেব ও উৎপল।