• গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে আইএসএফ-বিজেপির সংঘর্ষ
    বর্তমান | ০৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এতদিন নানা কারণে তৃণমূল এবং আইএসএফের গোলমালের ঘটনায় অভ্যস্ত ছিল ভাঙড়বাসী। পালাবদলের পর অনেকটাই কোণঠাসা হয় পড়েছে ঘাসফুল শিবির। এমন অবস্থায় এবার বিজেপির সঙ্গে তাদের সংঘর্ষ ঘটছে। মঙ্গলবার ভাঙড় ১ ব্লকের বোদরা গ্রাম পঞ্চায়েত দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল আইএসএফ এবং পদ্ম পার্টি। বোদরা বাজার এলাকায় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় গোলমাল বাঁধে।

    আইএসএফের দাবি, ওই পঞ্চায়েতের ২৮ জন তৃণমূল সদস্যের মধ্যে ২১ জন তাদের দলে যোগ দিয়েছেন। তারা বিডিওকে জানিয়ে মঙ্গলবার অনাস্থা আনার জন্য পঞ্চায়েতে যাচ্ছিলেন। কিন্তু রাস্তায় বিজেপি বাধা দেয়। পাল্টা গেরুয়া শিবিরের অভিযোগ, ভাইজানের দল বিনা প্ররোচনায় এলাকায় বোমাবাজি করেছে। বিজেপি কর্মীদের টোটো, বাইক ভাঙচুর করা হয়েছে। দু’পক্ষের মারামারিতে কয়েকজন জখম হন বলে অভিযোগ। খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পালাবদলের পর বহু জায়গায় তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতেও তাদের কোনো জনপ্রতিনিধিকে দেখা যাচ্ছে না। এই অবস্থায় বিজেপি সেই ফাঁকা জায়গার দখল নিতে চাইছে। তবে ভাঙড় ও ক্যানিং পূর্বে নিজেদের জমি ধরে রেখেছে আইএসএফ। তাই ভাঙড়ে তৃণমূলের দখলে থাকা প্রতিটি পঞ্চায়েতে অনাস্থা এনে দখল করতে চাইছে আইএসএফ। আর সেখান থেকেই বিজেপির সঙ্গে অশান্তি। দুই দলই মৌখিকভাবে থানায় অভিযোগ করলেও লিখিতভাবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। টহল দিচ্ছে জওয়ানরাও।
  • Link to this news (বর্তমান)