‘১ টাকা পাঠান’, এম পরিবহণের নামে অনলাইন চালানের মেসেজ, ফাইন মেটাতে গিয়ে উধাও সাড়ে ছয় লক্ষ টাকা!
বর্তমান | ০৩ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘এম পরিবহণে’র নামে অনলাইন চালানের মেসেজ এসেছিল। ১৫০০ টাকা জরিমানা। তবে, সেই পেমেন্ট করার আগে বলা হয়েছিল, ইউপিআই অ্যাপে প্রথমে ১ টাকা পাঠান। প্রতারকদের ফাঁদে পড়ে তিনি ১ টাকা পাঠিয়েও দিয়েছিলেন। তারপর দেখেন, অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে সাড়ে ৬ লক্ষ টাকা! তখন তিনি বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন। প্রতারিত ব্যক্তি ২৯ মে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা ট্রানজাকশনের সূত্র ধরে অভিযুক্তের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তির বাড়ি লেকটাউনে। গত ২৭ মে রাত ১১টা নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে এম পরিবহণের নামে একটি মেসেজ আসে। সেখানে ১৫০০ টাকা চালান অর্থাৎ ফাইনের কথা বলা হয়েছিল। তিনি ভাবেন, সত্যিই তাঁর কোথায় জরিমানা হয়েছে। তাই তিনি অনলাইনে পেমেন্ট মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গত ২৯ মে সেই মেসেজ দেখে ১ টাকা পেমেন্টও করেন। তারপর দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ছ’বারে মোট ৬ লক্ষ ৫৪ হাজার ৮৪৫ টাকা তুলে নেওয়া হয়েছে। তারপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের প্রতারণার ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে। এম পরিবহণের নামে যে মেসেজ আসে সেখানে লিঙ্ক ও একটি ফোন নম্বর দেওয়া থাকে। সেই লিঙ্কে ক্লিক করলেই গ্রাহকের ফোনের অ্যাকসেস প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায়। ফোন করলে তাঁরা নানা ধরনের কথা বলে বিভ্রান্ত করে। যেহেতু, প্রতারকরা ফোনের অ্যাকসেস পেয়ে যায়, তাহলে প্রথমে ১ টাকা পেমেন্ট করতে বলে। ইউপিআই থেকে ১ টাকা পেমেন্ট করলেই প্রতারকরা পিন জানতে পেরে যায়। তারপর তারা নিজেরাই ওই পিন ব্যবহার করে ব্যাংকে গচ্ছিত টাকা তুলে নিতে পারে। তাই এই ধরনের মেসেজ গেলে ভালো করে খতিয়ে দেখা উচিত।