• দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচতে জানলা দিয়ে ঝাঁপ, মৃত অন্তত ২১
    এই সময় | ০৩ জুন ২০২৬
  • ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে কমপক্ষে ২১ জনের মৃত্যু। বুধবার সকালে রাজধানীর মালব্য নগরে একটি অভিজাত হোটেলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ের সিংহভাগ অংশে। ভিতরে আটকে পড়া কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। এখনও পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করে AIIMS-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির মালব্য নগরের হাউজ রানি এলাকায় অবস্থিত এই ‘লেমন গ্রিন’ নামের রেস্তোরাঁ ও হোটেলে সকাল প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ হোটেলের বেসমেন্টে আগুন লাগে। ওই বিল্ডিংয়ের নিচের তলায় রেস্তোরাঁ এবং উপরের তলাগুলিতে হোটেল চালানো হতো। ঘটনার সময়ে বহু অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। ফলে বিপদ আরও বাড়ে।

    দিল্লি ফায়ার সার্ভিস (DFS) আগুন লাগার খবর পাওয়ার পরেই একাধিক দমকল ইঞ্জিন, ওয়াটার বাউজার, কুইক রেসপন্স ভেহিকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠায়। উদ্ধারকারীরা ভবনের বেসমেন্ট ও বিভিন্ন তলা থেকে অন্তত ৩৭ জনকে উদ্ধার করেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

    স্থানীয় সূত্রে খবর, হোটেলটিতে প্রায় ২৫টি ঘর ছিল এবং প্রায় ৪০ জন অতিথি সেখানে ছিলেন। তাঁদের মধ্যে বহু বিদেশি নাগরিক ছিলেন, যাঁরা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বলে জানা গিয়েছে। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, মৃতদের মধ্যে আফ্রিকার কিছু দেশের নাগরিকও থাকতে পারেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরে গোটা ভবন ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে কয়েকজন জানালা থেকে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান। তড়িঘড়ি আগুনে আটকে পড়া মানুষদের প্রাণ বাঁচাতে নিজেদের বাড়ি থেকে গদি ও ম্যাট্রেস এনে রাস্তায় বিছিয়ে দেন। তাতে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পড়া অনেকেই বড়সড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন। সরু গলি ও অতিরিক্ত ভিড়ের কারণে প্রথমদিকে দমকলের কাজে সমস্যা হয়।

    দক্ষিণ জেলার এসডিএম জিতেন্দ্র কুমার জানান, আগুনের সূত্রপাত সম্ভবত রেস্তোরাঁ থেকেই হয়েছে। তবে শর্ট সার্কিট, গ্যাস লিক বা অন্য কোনও কারণ দায়ী কি না, তা এখনও স্পষ্ট নয়। ফরেনসিক টিম ও দমকল বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

    এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং আহত ও মৃতদের পরিবারের জন্য সবরকম সহায়তা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) দিল্লির মালব্য নগরের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

  • Link to this news (এই সময়)