যানজট কমাবে বিশ্বভারতীর 'রিং রোড', কবে শেষ হবে কাজ? জানুন
News18 বাংলা | ০৩ জুন ২০২৬
: লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতন কবিগুরুর প্রাণের শহর। তবে অনুমানিক ২০১৬ সালে পরিকল্পনা নেওয়া হলেও দীর্ঘদিন নানা ধরনের জটিলতা ও আইনি প্রক্রিয়ায় থমকে ছিল বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর রিং রোড প্রকল্প। অবশেষে এক দশকের প্রতীক্ষা কাটিয়ে সেই প্রকল্প এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বোলপুর শান্তিনিকেতনের রতনপল্লি এলাকাকে ঘিরে তৈরি হওয়া এই রিং রোডের কাজ আগামী তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বাবু জানান, “আপাতত এই রাস্তা ঠিকভাবে চালু হলে বোলপুর শান্তিনিকেতনের মতো এমন পর্যটন কেন্দ্রে নিত্যদিনের যানজট অনেকটাই কমবে। বিশেষ করে বোলপুর শান্তিনিকেতনের রতনপল্লীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে।”
নতুন রিং রোড চালু হলে বিকল্প রাস্তা তৈরি হওয়ায় সেই চাপ কমবে বলেই মনে করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতেও অনেক সুবিধা হবে বলে বিশ্বাস কর্তৃপক্ষের। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নতুন এই রাস্তা শুরু হয়েছে জীবক মেডিক্যাল সংলগ্ন দোকান ও পোস্ট অফিসের পাশের এলাকা থেকে।
আর সেই জায়গা থেকে রতনপল্লির পিছন দিক ঘুরে ডেলিব্রেড রোড অতিক্রম করে রতন কুটিরের পিছন দিক হয়ে শেষ পর্যন্ত শান্তিনিকেতন রোডের সঙ্গে যুক্ত হয়েছে এই রাস্তা। পুরো রাস্তা বৃত্তাকারভাবে তৈরি হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘রিং রোড’।