• ২৮,২৫,৭৬৯ জনের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা’র টাকা বুধেই, প্রকল্পের সূচনা করে জানালেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ০৩ জুন ২০২৬
  • Big Breaking: আনুষ্ঠানিক ভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার থেকেই শুরু হয়ে গেল উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ। নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, বুধবার ২৮,২৫, ৭৬৯ জনের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এর পর থেকে যাঁরা যাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, তাঁদের ফর্মের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

    নবান্নে অন্নপূর্ণার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ সূচনার অনুষ্ঠানে পাঁচ উপভোক্তা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুই তাঁদের হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন। যাঁরা মুখ্যমন্ত্রীর হাত থেকে সরাসরি চেক পেলেন, তাঁরা হলেন— সুমিত্রা রায়, সন্ধ্যা বাহাদুর, সুমি মান্ডি, রাজকুমারী দেবী এবং রিঙ্কু পোড়েল।

    মুখ্যমন্ত্রী জানান, এসআইআর-এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছেন। তাঁদের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। সেই কারণেই নতুন করে উপভোক্তার তালিকা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই না, কোনও অ-ভারতীয়ের অ্যাকাউন্টে টাকা যাক। বিচারাধীন তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নাম স্থায়ী ভাবে বাদ গিয়েছে বলে ধরা হচ্ছে না। যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, ভবিষ্যতেও যাঁরা করবেন, তাঁদেরও নাম বাতিলের তালিকায় ধরছি না। কিন্তু অনুপ্রবেশকারী, যাঁরা বয়স বাড়িয়ে বা কমিয়ে এবং যে সব পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন, তাঁদের টাকা পাওয়া কখনওই উচিত না। পাবেনও না।’

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার থেকেই অন্নপূর্ণার ফর্ম পাওয়া যাবে অনলাইনে। প্রশাসনের দ্বারস্থ হয়েই এই ফর্ম ফিল আপ করা যাবে। তবে যাঁরা একেবারেই পারবেন না, তাঁদের কাছে সরকারি আধিকারিকেরা যাবেন। তাঁরাই ফর্ম ফিল আপে সহায়তা করবেন। তিন মাস ধরে এই প্রক্রিয়া চলবে। প্রতি সাত দিন অন্তর ফর্ম যাচাই হওয়া প্রাপকদের তালিকা প্রকাশ করা হবে।

  • Link to this news (এই সময়)