• এবার থেকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে ২০ জুন
    আজকাল | ০৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ দিবস এবার থেকে পালিত হবে ২০ জুন। এর আগে ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল আগের সরকার। নতুন সরকার গঠিত হওয়ার পর সেই দিনটা পাল্টে গেল। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এ বার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হবে। আগে এই নিয়ে রাজনীতির পারদ বারংবার চড়েছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। বিজেপি আগাগোড়া দাবি করে এসেছে, পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের একমাত্র দিন হতে পারে ২০ জুন, কিন্তু তৃণমূল সেই কথা অস্বীকার করে, ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করে। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার ঠিক একমাসের মাথায় সেই দিনটি পাল্টে দিল নতুন সরকার। 

    এর পিছনে কাজ করছে এক ঐতিহাসিক ঘটনা। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়করা বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন। বেশিরভাগ হিন্দু বিধায়ক পশ্চিমবঙ্গ জন্মের জন্য আলাদা করে দাবি রেখেছিলেন। সেই মতোই বিজেপি দাবি করেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন বিধানসভার বিধায়করা। আর সেই কারণেই বিজেপি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে এই দিনটিকে পালন করার সিদ্ধান্ত নেয়। যদিও, সেই দাবির বিরোধিতা করে তৃণমূল। কারণ, উল্টে তাঁরা বাংলা ভাগের দিন দিন হিসাবে এটিকে নেতিবাচক ইতিহাস হিসাবে তুলে ধরতে চায়। তবে সরকার পাল্টেছে, ফলে পাল্টে গেল পশ্চিমবঙ্গ দিবসও। 

    আগের সরকারের আমলে এই নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি। এর আগের রাজ্যপাল, সিভি আনন্দ বোস নিজের কার্যক্রমে থাকাকালীন রাজভবনে আলাদা করে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা শুরু করেছিলেন। সেই সময়ের মুখ্যমন্ত্রী মমতা এই নিয়ে চিঠিও লেখেন রাজভবনে। তিনি সেই চিঠিতে লেখেন, 'আমি হতবাক ও বিস্মিত হয়েছি এটা জেনে যে আপনি ২০ জুন রাজভবনে ‘পশ্চিমবঙ্গের রাজ্য প্রতিষ্ঠা দিবস’এর মতো একটা অদ্ভুত দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।'

    এদিন এই একই সাংবাদিক বৈঠক থেকে এ ছাড়াও একাধিক প্রকল্প বাস্তবায়নের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। এদিন থেকেই শুরু হয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অর্থদানের প্রক্রিয়া। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে সীমান্ত রক্ষা বাহিনীর হাতে জমি হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও খবর দেওয়া হয়। পাশাপাশি, মহিলাদের সরকারি বাসে স্মার্ট কার্ডের ব্যবহার ও বিনামূল্যে যাতায়াতের বিষয়টি নিয়েও ঘোষণা করা হয় এদিন নবান্ন থেকে।

     
  • Link to this news (আজকাল)