• ঝিল বুজিয়ে প্লট বিক্রির অভিযোগে তৃণমূল কাউন্সিলর!
    আজকাল | ০৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সরকারি ঝিল বুজিয়ে প্লট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তারাপুকুর এলাকায়। 

    কাঠগড়ায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগ। নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার অভিযোগে সরব হয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এলাকায় বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব।

    স্থানীয় সূত্রে খবর, তারাপুকুর এলাকার সরকারি আবাসন সংলগ্ন একটি বড় ঝিল রয়েছে। অভিযোগ, গত কয়েক বছরে সেই জলাশয়ের একটি বড় অংশ বেআইনিভাবে বুজিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, সেই ভরাট হওয়া জমিতে প্লট তৈরি করে চড়া দামে বিক্রি করারও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করেছেন অনেকে। বিরোধীদের দাবি, ওই বাসিন্দাদের কাছে জমির কোনও বৈধ নথিপত্র নেই।

    এদিকে, ঝিল বুজিয়ে একের পর এক বাড়ি তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন এলাকার পুরনো বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জলাশয়টি বুজে যাওয়ার কারণে ওই ওয়ার্ডের জল নিকাশির পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই গোটা ২৭ নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছে। দিনের পর দিন এই চরম দুর্ভোগ সহ্য করতে না পেরেই এবার আন্দোলনে নেমেছেন তাঁরা।

    এলাকার বিজেপি নেতৃত্বের সরাসরি অভিযোগ, এই গোটা চক্রের পিছনে রয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগ। তাঁর মদতেই এই বেআইনি কারবার চলছে। এই বিষয়ে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে বিজেপি নেতৃত্ব। দোষীদের বিরুদ্ধে যাতে কড়া আইনি পদক্ষেপ করা হয়, সেই দাবি তুলেছেন তাঁরা।

    যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগ। অন্যদিকে, শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা জানান, বিজেপির তরফে যে অভিযোগ তোলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে প্রশাসন অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে।
  • Link to this news (আজকাল)