• গ্রেপ্তার তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার
    আজকাল | ০৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গ্রােপ্তার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি, বিগত ১৪ বছর ধরে সল্টলেকর এ-ই ৩৩৭ বাড়ি দখল করে ছিলেন বলে অভিযোগ ছিল। এমনকি সেই বাড়িতেই নিজের অফিস তৈরি করেছিলেন এই তৃণমূল নেতা। বাড়ির মালিক আইনি নোটিশ দেওয়া সত্ত্বেও জয়প্রকাশ মজুমদার বাড়িটি ছাড়েননি। সেই প্রেক্ষিতেই জয়প্রকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

    বুধবার বাড়ির মালকিন আরতি রায়চৌধুরী জয়প্রকাশ মজুমদারকে দেখে রাস্তার মাঝেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখন চারদিন থেকে ওঠে 'চোর-চোর' স্লোগান। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা ছড়ায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর বিধাননগর থানার পুলিশ। পুলিশের সঙ্গেই থানায় যান বাড়ির মালকিন আরতি রায়চৌধুরী। যান জয়প্রকাশ মজুমদারও। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় তৃণমূল মুখপাত্রকে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

    জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে বাড়ির মালিক আরতী রায়চৌধুরীকে হুমকি, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাড়ি খালির নোটিশ দেওয়া হলেও তাতে ভ্রুক্ষেপ করেননি জয়প্রকাশ মজুমদার। রাজনতিক প্রভাব খাটিয়ে এতদিন বাড়ি ছাড়েননি তিনি। উল্টে, বাড়ির মালিক-কে হুমকি দিতেন। ১৪ বছর ধরে নিজের বাড়িতে থাকতে না পেরে আরতী দেবীকে নানা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। আরতী রায়চৌধুরীর প্রতিবেশীদের দাবি, এভাবে চলতে পারে না।

    ধৃত তৃণমূল মুখপাত্রকে বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। 

     
  • Link to this news (আজকাল)