• আজ থেকে শুরু হল অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুন ২০২৬
  • আজ থেকে পশ্চিমবঙ্গে দেওয়া শুরু হল অন্নপূর্ণা যোজনার টাকা। নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে জানিয়েছিল, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে বাংলার মেয়েদের মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। সেই মতোই আজ, ৩ জুন, বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হল। এদিন ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে মুখ্যসচিব, অর্থসচিব-সহ সমস্ত আধিকারিকদের সহযোগিতায় এই প্রকল্পের সূচনা হল। যারা যোগ্য সবাই এর সুযোগ পাবেন।‘ মুখ্যমন্ত্রী জানান, ‘অন্নপূর্ণা যোজনায় নতুন করে ফর্ম দেওয়া হয়েছে। প্রথম থেকে নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে।‘ তিনি আরও বলেন, ‘এসআইআর পরবর্তী সয়ম বহু ভোটারের নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ পড়েছে। এমন লক্ষ লক্ষ ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা চাই না কোনও অভারতীয়র অ্যাকাউন্টে সরকারের টাকা যাক।‘

    পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে এগোচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনলাইন এবং অফলাইনে ফর্ম পাওয়া যাবে। যারা এই ফর্মফিলাপ করতে পারবেন না তাঁদের বাড়িতে প্রতিনিধিদের পাঠানো হবে। ফর্মফিলাপের দায়িত্ব সরকারের এ কথা বলেন মুখ্যমন্ত্রী। আগামী তিন মাস ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে বলে খবর। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অন্নপূর্ণা যোজনার জন্য যারা আবেদন করেছেন, আজ থেকেই সরাসরি ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে। আজ থেকেই অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, ফর্ম পূরণের পাঁচ থেকে সাতদিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)