দক্ষিণ দুয়ারে তালা! ইস্তফা দিলেন তামিল বিজেপির ‘পোস্টারবয়’ আন্নামলাই
প্রতিদিন | ০৩ জুন ২০২৬
দ্রাবিড়ভূমে বিরাট ধাক্কা বিজেপির। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইস্তফা দিলেন তামিলনাড়ুতে বিজেপির পোস্টারবয় কে আন্নামলাই। জানা যাচ্ছে, নয়া দল গঠন করে তামিলভূমে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করতে চলেছেন তিনি। যার জেরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। তবে শোনা যাচ্ছে বিজেপির তরফে এখনও তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। আন্নামলাইয়ের মান ভাঙাতে যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির।
নির্বাচনের আগে থেকেই বিজেপির সঙ্গে ঠোকাঠুকি চলছিল আন্নামলাইয়ের। সিবিএসই-র শিক্ষানীতিতে তিন ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের ব্যাপক বিরোধীতা করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, নির্বাচনের আগে এআইডিএমকে-র সঙ্গে বিজেপির জোটের বিরোধিতায় সরব হন তিনি। এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্য সভাপতির দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় নাইনার নাগেন্দ্রনকে। এমনকী নির্বাচনে দল তাঁকে টিকিটও না দিয়ে কার্যত বসিয়ে দেয়। এই ঘটনায় বিতর্ক মাথাচাড়া দিলে সাংবাদিক বৈঠক করে আন্নামলাই জানিয়েছিলেন, তিনি নিজেই ভোটে না লড়ার সিদ্ধান্ত নেন। যদিও গত কয়েকমাসে একাধিকবার বিজেপির সঙ্গে দ্বন্দ্বে জড়ান বিজেপির এই প্রাক্তন সভাপতি। এই পরিস্থিতিতেই শুরু হয় আন্নামলাইয়ের বিজেপি ত্যাগের জল্পনা। আন্নামলাইয়ের ঘনিষ্ঠ সূত্রের খবর, বিজেপিতে কোনও ভবিষ্যৎ দেখছেন না তিনি। যার জেরেই এই পদক্ষেপ।
সংবাদমাধ্যম সূত্রের খবর, আন্নামলাইয়ের মান ভাঙাতে তাঁকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব দিয়েছিল গেরুয়া শিবির তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। এই অবস্থায় মঙ্গলবার দফায় দফায় আন্নামলাইয়ের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি নীতীন নবীন ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। এমনকী খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন তামিলনাড়ুর এই নেতা। সেখানে আন্নামলাইকে ফেরানোর যাবতীয় চেষ্টা চালান নেতারা। তবে তাতে বিশেষ ফল হয়নি। সূত্রের খবর, সেই বৈঠকে আন্নামলাই জানান, বিজেপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বিচ্ছেদ চান তিনি। এরপরই সভাপতি নীতীন নবীনের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন।
তবে আন্নামালাইয়ের নয়া দল গঠনের চর্চা চরম আকার নিলেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি চর্চিত আন্নামলাই। উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তামিলনাডুতে বিজেপি সভাপতির দায়িত্ব সামলেছেন আন্নামলাই। তিনিই ছিলেন তামিল বিজেপির পোস্টারবয়। তবে আন্নামলাইয়ের হাতে দায়িত্ব দিলেও দ্রাবিড়ভূমে বিশেষ সাফল্য আসেনি গেরুয়া শিবিরের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর কোয়েম্বাটুর আসনে আন্নামলাই নিজে এক লক্ষেরও বেশি ভোটে হারেন।