• চাষের জমির সঠিক পরিচর্যা আনে দ্বিগুণ লাভ! কীভাবে করবেন মাটির স্বাস্থ্য রক্ষা? বড় উদ্যোগ মালদহে
    News18 বাংলা | ০৩ জুন ২০২৬
  • : ফসলি জমির উর্বরতা বজায় রাখা এবং উৎপাদন বৃদ্ধি করতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে ‘ক্ষেত বাঁচাও অভিযান’। এই কর্মসূচির আওতায় এদিন মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রে জেলার প্রায় ৫০ জন কৃষককে নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেখানে কৃষি বিজ্ঞানীরা কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষার বিভিন্ন উপায়, সঠিক মাত্রায় সার প্রয়োগ, জৈব সারের ব্যবহার এবং জমির পরিচর্যার আধুনিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। পাশাপাশি কীভাবে দীর্ঘদিন জমির উৎপাদনশীলতা বজায় রাখা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

    মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, “কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের নির্দেশে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেশজুড়ে এই বিশেষ কর্মসূচি চলবে। জেলার বিভিন্ন এলাকায় পৌঁছে কৃষকদের মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হবে। আগামী এক মাসে মালদহের প্রায় এক হাজার কৃষককে মাটি সম্পর্ক সচেতন করা হবে। এই এক হাজার কৃষকের মাধ্যমে জেলার ১০ হাজার কৃষকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে গিয়ে কৃষি বিজ্ঞানীরা সরাসরি কৃষকদের প্রশিক্ষণ দেবেন।”

    প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক শর্মিলা মণ্ডল বলেন, “এতদিন ফল, সবজি ও অন্যান্য ফসল চাষে মূলত রাসায়নিক সারের উপর নির্ভরশীল ছিলাম। তবে এই শিবিরে অংশ নিয়ে জৈব সারের উপকারিতা এবং মাটির স্বাস্থ্য রক্ষার গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা হল। ভবিষ্যতে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ মেনে চাষাবাদ করব।”

    কৃষি বিশেষজ্ঞদের মতে, মাটির স্বাস্থ্য ভাল থাকলে ফসলের উৎপাদন যেমন বাড়বে, তেমনই কমবে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার। ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির পথও আরও সুগম হবে।
  • Link to this news (News18 বাংলা)