কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের তিন জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা
News18 বাংলা | ০৩ জুন ২০২৬
দুই থেকে তিন ঘণ্টার মধ্যে রাজ্যের তিন জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে ওই জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানা গিয়েছে।
আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিন-চার জেলাতে গরম এবং অস্বস্তি থাকবে। দার্জিলিংয়ের সমতল এলাকা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গরম এবং অস্বস্তি থাকবে। আজ, বুধবার গরম এবং অস্বস্তির মাঝেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু। ভারী বৃষ্টি শুরু হবে আগামিকাল, বৃহস্পতিবার থেকে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং-সহ উপরের দিকের জেলাগুলিতে রয়েছে।
বৃহস্পতিবার থেকে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। রবিবার এবং সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে। তাপমাত্রা উইকেন্ডের আগেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
দক্ষিণবঙ্গে আজ, বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরম এবং অস্বস্তিতে ‘ফিল লাইক টেম্পারেচার’ বাড়বে। কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।