বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল, হঠাৎ অজান্তে গর্তে পা! নর্দমায় নিখোঁজ ১৫ বছরের কিশোর, চলছে উদ্ধারকা
News18 বাংলা | ০৩ জুন ২০২৬
গর্তে পড়ে নিখোঁজ ১৫ বছরের কিশোর! মর্মান্তিক ঘটনা হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া ভাগাড় এলাকায়। জানা যায়, ওই কিশোর এলাকায় তার বন্ধুদের সঙ্গেই ছিল। বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে বেলগাছিয়া ভাগার এলাকায় আচমকা পা পিছলে যায় কিশোরের। সেই সময় একটি গভীর গর্তে পড়ে যায় সে। জানা গিয়েছে, তারপর থেকে এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তার।
সূত্রের খবর, ২০২৫ সালে জলের পাইপলাইন ফেটে যাওয়ার ফলে ভয়াবহ ধস কাণ্ডে ওই এলাকায় বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ বুধবার, সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা। নীচে একটি নর্দমা রয়েছে বলে জানা যায়। আশঙ্কা করা হচ্ছে উপর থেকে গর্তের মধ্য দিয়ে অভিষেক নর্দমায় পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। উপস্থিত হন ডিসি নর্থ, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা। যুদ্ধকালীন তৎপরতায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা চালান হচ্ছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিষেক রাও নামের ওই কিশোরের এখনও সন্ধান মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রশাসনের তরফে উদ্ধারের চেষ্টা চালান হচ্ছে।
ঘটনাস্থলে হাজির শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি জানান, উদ্ধার কাজে একাধিক পাম্প লাগান হয়েছে, গভীরে ১০ জনের দল নেমে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আমরা সকলে আশাবাদী অভিষেক সুস্থ শরীরে ফিরে আসবে।