মা ক্যান্টিনের নাম বদলে হচ্ছে 'মা আহার', সপ্তাহে 2 দিন মিলবে মাছ-ভাত
eTV Bharat | ০৩ জুন ২০২৬
কলকাতা, 3 জুন: গরিব মানুষদের জন্য চালু থাকা সস্তার আহার প্রকল্প 'মা ক্যান্টিন'-এর ভোলবদল ঘটাতে চলেছে রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরিব ও প্রান্তিক মানুষদের জন্য সুলভ মূল্যের খাবার প্রকল্প ‘মা ক্যান্টিন’-এরও ব্যাপক রদবদলের কথা ঘোষণা করা হয়েছে।
মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এবার থেকে এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে 'মা আহার'। শুধু নাম বদলেই থেমে থাকছে না সরকার, এই প্রকল্পের আওতা ও পরিসর আরও বৃদ্ধি করা হচ্ছে। মন্ত্রী জানান, আগে রাজ্যজুড়ে মোট 390টি ‘মা ক্যান্টিন’ পরিচালিত হতো। কিন্তু, এবার সেই সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন করে আরও 110টি কেন্দ্র চালু করা হবে। ফলে রাজ্যে মোট 'মা আহার' কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে 500-তে।
সাধারণ মানুষের পুষ্টির কথা মাথায় রেখে খাবারের মেনুতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, 'মা আহার'-এ এবার থেকে সপ্তাহে দু'দিন ডিম এবং দু'দিন মাছ দেওয়া হবে। সপ্তাহের বাকি দিনে জুটবে সম্পূর্ণ নিরামিষ অথচ পুষ্টিকর খাবার। রাজ্যজুড়ে 500টি 'মা আহার' কেন্দ্রের মাধ্যমে মাত্র 5 টাকাতেই পেট ভরে মধ্যাহ্নভোজন সারতে পারবেন বাংলার আমজনতা। মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। বরং, সেগুলিকে আরও বৃহত্তর আকারে রাজ্যজুড়ে সক্রিয় করা হবে। সেই প্রতিশ্রুতি মতোই 'মা আহার' নামে চালু হতে চলল 2021 সালে চালু হওয়া মা ক্যান্টিন প্রকল্পটি। আগের সরকারের আমলে মা ক্যান্টিনে 5 টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হতো। বঙ্গে ক্ষমতায় এসে বিজেপি সরকার ঘোষণা করেছিল, এই প্রকল্পের আওতায় এবার 5 টাকাতেই মাছ-ভাত খাওয়ানো হবে ৷ সেই প্রতিশ্রুতি অনুযায়ী, সপ্তাহে 2 দিন এবার 5 টাকাতেই মাছ-ভাত পাওয়া যাবে 'মা আহার' কেন্দ্রে ৷
সব মিলিয়ে বুধবারের ক্যাবিনেট বৈঠক থেকে একদিকে যেমন রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও সীমান্ত সুরক্ষার মতো কড়া পদক্ষেপের কথা উঠে এসেছে, ঠিক তেমনই প্রান্তিক মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার সামাজিক প্রকল্পকেও আরও উন্নত করার বার্তা দিল নবান্ন।