বিরোধী দলনেতা হলেন ঋতব্রত, বিক্ষুব্ধদেরই আসল তৃণমূল বলে স্বীকৃতি অধ্যক্ষের! বড় ধাক্কা মমতা-অভিষেকের
News18 বাংলা | ০৩ জুন ২০২৬
বিক্ষুব্ধ তৃণমূলকেই স্বীকৃতি দিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু৷ বিধানসভার নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ এ দিনই ৫৮ জন বিধায়কের সই সহ বিধায়ককে চিঠি দিয়েছিল তৃণমূলের পরিষদীয় দলের বিক্ষুব্ধ গোষ্ঠী৷ সেই চিঠি খতিয়ে দেখার পর এবং নথি যাচাই করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ৷ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে স্বীকৃতি দিলেন অধ্যক্ষ রথীন্দ্র বসু৷ বিরোধী দলনেতার ঘরের চাবিও তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর হাতে তুলে দেন স্পিকার৷ বিরোধী দলনেতার এই স্বীকৃতি পেতেই এতদিন বিধানসভায় তদ্বির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রবীন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়৷ যদিও সই জাল বিতর্কে সেই স্বীকৃতি দেননি অধ্যক্ষ৷
আজই বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর হাতে ৫৮ জন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের সই সহ চিঠি তুলে দেওয়া হয়৷ সেই চিঠিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে উপ বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়েছে চিঠিতে৷ বিধায়ক আখরুজ্জামানকে মুখ্য সচেতক করার প্রস্তাব দেওয়া হয় চিঠিতে৷ এ দিন বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা৷ তার পরই অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়৷
এই চিঠি পাওয়ার পর অধ্যক্ষ রথীন্দ্র বসু চিঠিতে সই করা বিক্ষুব্ধ গোষ্ঠীর বিধায়কদের সঙ্গে দেখা করেন৷ সশরীরের প্রত্যেক বিধায়ক উপস্থিত থেকে যে সই করেছেন সে বিষয়ে নিশ্চিত হন তিনি৷ বিক্ষুব্ধ বিধায়কদের পক্ষ থেকে জমা দেওয়া নথিও যাচাই করেন তিনি৷ সিদ্ধান্ত জানানোর জন্য বিকেল চারটে পর্যন্ত সময় নেন অধ্যক্ষ৷
আইন অনুযায়ী, বিরোধী দলনেতার পদের দাবি এবং বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার জন্য বিক্ষুব্ধ গোষ্ঠীদের হাতে তৃণমূলের প্রতীকে জয়ী অন্তত ৫২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন৷ ইতিমধ্যেই তার থেকে অনেক বেশি সংখ্যক বিধায়কের সই রয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠীর হাতে৷ এ দিন অধ্যক্ষকে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে ৫৮ জন বিধায়কের সই রয়েছে৷ আরও চার বিধায়কের সমর্থন থাকলেও রাজ্যের বাইরে থাকায় তাঁরা আসতে পারেননি বলে বিক্ষুব্ধ গোষ্ঠীর দাবি৷