• খড় দিয়ে অবিকল ছবি, হস্তশিল্পে সুনাম অর্জন অংশুমানের
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • খড় দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করে জাতীয় ও রাজ্য স্তরে সুনাম অর্জন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার ফকিরচক এলাকার শিল্পী অংশুমান দাস। ২০২১ সালে করোনার সময়ে ঘরে বসে হস্তশিল্পের মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করা শুরু করেন অংশুমান। বাতিল বিভিন্ন জিনিস দিয়েই তৈরি করতে থাকেন তাঁর শিল্প। এই ভাবেই হঠাৎ করে খড় দিয়ে ছবি তৈরি করার পরিকল্পনা মাথায় আসে তাঁর। কয়েকটি ছবি বানানোর পর বন্ধু মহলে প্রশংসা পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার ডিআইসি (District Industries Center) তে যোগাযোগ করেন তিনি।

    শিল্পের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করার পরে ২০২৩ সালে ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের তরফে তাঁকে হস্তশিল্পী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরে ভারত সরকারের টেক্সটাইল মন্ত্রকের তরফে একজন শিল্পী হিসেবে পরিচয় পত্র প্রদান করা হয় অংশমানকে। সেই থেকেই শিল্পী হিসেবে পথ চলা শুরু তাঁর।

    তিনি অসংখ্য প্রাকৃতিক দৃশ্য, দেব-দেবীর ছবি, মনীষীদের ছবি, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের ছবি বানান। কিন্তু সকলেই বিস্ময় প্রকাশ করেন, তাঁর তৈরি খড়ের পোট্রেট দেখে। অর্থাৎ যে কোনও ছবিই তিনি খড় দিয়ে তৈরি করেন।

    ২০২৫ সালে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে হস্তশিল্পের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে ‘অর্চি আর্ট’ নামে একটি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র তৈরি করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণ করেন তিনি।

    তবে তাঁর এই প্রতিভা শুধু রাজ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরেও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীতেও সুনাম অর্জন করেছেন তিনি। দিল্লিতে অনুষ্ঠিত ‘আগমনী’, চণ্ডীগড়ে আয়োজিত ‘CII Chandigarh Fair’, মুম্বইতে অনুষ্ঠিত ‘গিফ্টেক্স’-সহ একাধিক মেলায় তাঁর শিল্প প্রদর্শন করেন তিনি।

    অংশুমান বলেন, ‘প্রশিক্ষণ ছাড়াই করোনা কালে বাড়িতে বসেছিলেম। তখন থেকেই কিছু একটা করার চিন্তাভাবনা ছিল। আজ আমার কাজ রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরে সুনাম অর্জন করেছে। বহু সেলিব্রিটি থেকে আগের সরকারকের অনেক নেতৃত্বকে আমার তৈরি হাতের কাজ দিয়েছি। এ বার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরকে আমার হাতে তৈরি ছবি দিতে চাই।’

  • Link to this news (এই সময়)