• বেলগাছিয়া ভাগাড়ে মর্মান্তিক দুর্ঘটনা, বন্ধুদের সামনেই নিকাশি নালায় তলিয়ে গেল কিশোর
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • গভীর নিকাশি নালায় পড়ে তলিয়ে গেল এক কিশোর। বুধবার হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডের ঘটনা। পুলিশ জানিয়েছে, কিশোরের নাম অভিষেক রাও (১৫)। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সন্ধ্যা পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। কী ভাবে এমন ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ডাম্পিং গ্রাউন্ডের নিকাশি নালার পাশে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল অভিষেক। দুপুরেবাড়ি ফিরছিল তারা। অভিযোগ, উঠতে গিয়ে আচমকা অভিষেকের পা পিছলে যায়। সোজা গিয়ে পড়ে নালার ভিতরে। আচমকা এমন ঘটনায় চমকে যায় তার বন্ধুরা। সঙ্গে সঙ্গে বন্ধুকে ধরতে নালার মধ্য হাত বাড়ায় তারা। কিন্তু তীব্র জলের স্রোতে ততক্ষণে তলিয়ে গিয়েছে অভিষেক।

    খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই চলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কিশোরের খোঁজে শুরু হয় তল্লাশি। অভিষেকের সঙ্গেই ছিল তার বন্ধু বিশাল রাও। তার কথায়, ‘আমরা দেখলাম, শুধু ওর চটিটা পড়ে আছে। নালাতেও নেমেছিলাম। কিন্তু আর দেখতে পাইনি। মনে হচ্ছে, জলের স্রোতেই তলিয়ে গিয়েছে।’

    শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত অভিষেকের কোনও হদিশ মেলেনি। তার খোঁজে তল্লাশি চলছে। ঘটনাস্থলে গিয়েছিলেন হাওড়া সিটি পুলিশে ডিসি (নর্থ) এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। অভিষেককে দ্রুত উদ্ধার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। পুরো ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)