• দশম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার শিক্ষক
    আজকাল | ০৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: স্কুল পড়ুয়াকে নির্মমভাবে যৌন নির্যাতন! দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত স্কুলের পিটি শিক্ষক প্রসূন বেরাকে গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। 

    আজ বুধবার দুপুরে মোবাইলের টাওয়ার লোকেশন ও কল রেকর্ডের সূত্র ধরে নারায়ণগড় থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জন নাবালক-সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে ওই ছাত্রী সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে জানানো হয়, ১১ মে দুপুরে টিউশন পড়তে যাওয়ার পথে কয়েকজন ছাত্র তাকে ঘিরে ধরে শ্লীলতাহানি করে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ছাত্ররা ঘটনাস্থল ছাড়ার আগে দাবি করে যে তারা ওই শিক্ষকের নির্দেশেই এই কাজ করেছে। 

    ঘটনার পর আতঙ্কিত ছাত্রী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সব জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। 

    পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক বৈঠকে বলেন, “এই ঘটনায় দু’জন নাবালক-সহ ছ'জনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। মূল অভিযুক্ত শিক্ষক, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। কল রেকর্ড ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। যেখানে শিক্ষক-শিক্ষিকাদের কাছে ছাত্রছাত্রীরা নিরাপদ আশ্রয় খোঁজে, সেখানে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়।”

    পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষককে বৃহস্পতিবার পকসো আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (আজকাল)