অশোকনগরে খোলা এটিএমে পড়ে লক্ষাধিক টাকা! এক মুহূর্ত দেরি না করে যুবক যা করলেন, অবিশ্বাস্য
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
রক্ষী বিহীন খোলা এটিএমে পড়ে থাকা লক্ষাধিক টাকা হাতে পেয়েও, থানার হাতেই তুলে দিলেন যুবক। এ যেন এক অন্য সততার নজির অশোকনগরে। স্থানীয় যুবক দীপঙ্কর কুণ্ডুর এমন দায়িত্ববোধ ও সততায় মুগ্ধ এলাকাবাসী।
এদিন অশোকনগর স্টেশনের কাছে যশোর রোড সংলগ্ন একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর নজরে আসে দুটি ৫০০ টাকার নোটের বান্ডিল পড়ে রয়েছে। ঘটনাটি দেখতে পেয়ে দীপঙ্কর সঙ্গে সঙ্গেই আশপাশের দোকানদার-সহ স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান। ভুল করে কেউ ওই টাকা ফেলে গিয়েছে কিনা তারও খোঁজ করেন। কিন্তু কেউ এ বিষয়ে কিছু না জানায়, ওই যুবক নিজেই দায়িত্ব নিয়ে অশোকনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাকার বান্ডিল দুটি উদ্ধার করে নিয়ে যায়।
উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় এক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ওই টাকা কার, কীভাবে এটিএমের ভিতরে পড়ে রইল এবং কেউ ভুলবশত ফেলে গিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এটিএমের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর। দীপঙ্কর কুণ্ডুর এই সততা ও নাগরিক দায়িত্ববোধের প্রশংসা করেছেন সকলেই। অনেকেই মনে করছেন, বর্তমান সময়ে এমন ঘটনা বিরল। সোশ্যাল মিডিয়াতেও তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন বহু মানুষ।
অশোকনগরের বাসিন্দাদের মতে, দীপঙ্করের এই পদক্ষেপ সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করে এবং সততার মূল্যবোধকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ওই যুবক জানান, তিনি এটিএমে ঢুকে দেখেন পাশের একটি ছোট্ট তাকে টাকার বান্ডিল পরে আছে।সেই সময় এটিএমে টাকা তোলার জন্য আরও একজন ছিলেন, বিষয়টি তাকে জিজ্ঞাসা করলে, তিনি জানান তার টাকা নয়। তারপরেই ওই যুবক অশোকনগর থানায় ফোন করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যুবকের এই সততার ঘটনা।