ঢুকে গেল অন্নপূর্ণা যোজনার টাকা! প্রথম দফায় মুখ্যমন্ত্রীর জেলায় উপভোক্তা কত? শুনলে চমকে যাবেন
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
রাজ্যজুড়ে এই প্রকল্পের শুভ সূচনা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নবান্ন থেকে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা পূর্ব মেদিনীপুরেও এই প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন ব্লকে এই কর্মসূচি অনুষ্ঠিত হল।
জেলাশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন প্রান্তের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। এর পাশাপাশি জেলার সদর ব্লক তমলুক, ময়না ও এগরা ব্লকে অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন প্রথম দফায় প্রায় ২ লক্ষ ৮ হাজার ৫০০ জন উপভোক্তাকে এই অন্নপূর্ণা যোজনার আওতায় আনার লক্ষ্যমাত্রা রেখেছিল। তবে জেলা প্রশাসন কাছ থেকে জানা যায় প্রথম দফায় জেলার দুই লক্ষেরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পান। জেলাশাসকের কার্যালয়ের সভা ঘরে অনুষ্ঠানের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তুলে দেওয়া হয় এই সুবিধা। উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। শুভেন্দু বলেন, “ইতিমধ্যেই ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের নাম নথিভুক্ত করতে পেরেছি। তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। প্রতি সপ্তাহে দফতরের মন্ত্রী জানাবেন কত মহিলা টাকা পেলেন। অন্নপূর্ণা যোজনার কাজ পুরো শেষ হয়ে গেলে আগের প্রকল্প বন্ধ হয়ে যাবে। তেমন ভাবেই আয়ুষ্মান ভারতে নাম ট্রান্সফার শুরু হলে এবং কাজ শেষ হলে স্বাস্থ্য সাথী প্রকল্প বন্ধও হয়ে যাবে।”
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, “প্রাথমিক পর্যায়ে প্রথম দফায় আমাদের লক্ষ্য ছিল জেলার প্রায় ২ লক্ষ ৮ হাজার ৫০০ মহিলাকে এই অন্নপূর্ণা যোজনার সুবিধার আওতায় আনার। কিন্তু প্রথম দফায় এদিন ২ লক্ষ ৬ হাজার ৫৩৫ জন উপভোক্তার ম্যাপিং করা সম্ভব হয়েছে। তাঁরা এদিন থেকেই এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এদিন প্রতিটি ব্লক ও মিউনিসিপালিটির পাশাপাশি জেলায় অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে। আগামী তিন মাস অন্নপূর্ণা যোজনার কাজ চলবে। জেলার যত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক ছিলেন তারা তথ্য যাচাইয়ের পর অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন।”
পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসনিক কার্যালয়ের পাশাপাশি ২৫ টি ব্লক ও ৫ পৌরসভায় এদিন অনুষ্ঠানের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার সদর ব্লক তমলুকে অন্নপূর্ণা যোজনায় প্রথম দফায় লক্ষ্য রাখা হয়েছিল প্রায় ৯ হাজারেরও বেশি। ব্লক প্রশাসনের তরফ থেকে জানা যায় সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। মহিলারা এই সুবিধা পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন, তাঁদের পাশে থাকার জন্য।