• সত্যিই কি ফ্রি সরকারি বাস পরিষেবা? পরীক্ষামূলক সফরেও মহিলাদের ভিড় বাসে
    News18 বাংলা | ০৪ জুন ২০২৬
  • ফ্রি সরকারি বাস পরিষেবায় উৎসাহ মহিলাদের, পরীক্ষামূলক সফরেও ভিড় বাসে। রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হওয়ার পর থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে রাস্তাঘাটে। বহু মহিলা ইতিমধ্যেই এই পরিষেবার সুবিধা নিতে শুরু করেছেন। তবে নতুন এই ব্যবস্থাকে ঘিরে এখনও অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। সেই কৌতূহল মেটাতেই অনেক মহিলা প্রয়োজন না থাকলেও পরীক্ষামূলকভাবে বাসে চড়ে পরিষেবার বাস্তব চিত্র দেখার চেষ্টা করছেন।

    এদিন বারাসাত জেলা সদর শহর-সহ জেলার বিভিন্ন এলাকায় এমনই ছবি ধরা পড়ল। সরকারি বাসে উঠে অনেক মহিলা বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাচ্ছেন শুধুমাত্র নতুন পরিষেবার সুবিধা সম্পর্কে নিশ্চিত হতে। কেউ বাজারে যাচ্ছেন, কেউ আত্মীয়ের বাড়ি, আবার কেউ বা নিছক ঘুরতে বেরিয়েছেন। যাত্রীদের একাংশের বক্তব্য, সরকারি ঘোষণা অনুযায়ী সত্যিই ভাড়া নেওয়া হচ্ছে কি না, সেই বিষয়টি নিজেরা অভিজ্ঞতা করতেই তাঁরা বাসে উঠেছেন। বাসের কন্ডাক্টররাও মহিলাদের কাছ থেকে কোনও ভাড়া নিচ্ছেন না বলে জানা গিয়েছে।

    নতুন সরকারের পরিবহণ দফতরের এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরা। তাঁদের মতে, প্রতিদিনের যাতায়াতের খরচ কমানোর পাশাপাশি কর্মজীবী ও পড়ুয়া মহিলাদের জন্য এই পরিষেবা বিশেষভাবে উপকারী হবে। প্রথম কয়েকদিনের মধ্যেই পরিষেবাকে ঘিরে যে উৎসাহ তৈরি হয়েছে, তা স্পষ্টভাবে ধরা পড়েছে বারাসাত-সহ জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড ও সরকারি বাসে। নতুন এই উদ্যোগ কতটা সফল হবে, তা সময়ই বলবে। তবে পরিষেবা চালুর পর থেকেই মহিলাদের ব্যাপক সাড়া যে মিলছে, তা বলাই যায়।
  • Link to this news (News18 বাংলা)