সবুজ শিলিগুড়ি গড়ার মেগা মিশন! ‘এক পেড় মা কে নাম’ অভিযানে নামছে পুরনিগম
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
: বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সবুজ শিলিগুড়ি গড়ার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি শুরু করল শিলিগুড়ি পুরনিগম। সম্প্রতি পুরনিগমে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিকে সামনে রেখে বৃহৎ বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ সদস্য, কাউন্সিলর, পুরনিগমের আধিকারিক এবং বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্তারা।
বৈঠকে জানানো হয়, গত বছর পুরনিগমের উদ্যোগে প্রায় ১০ হাজার গাছ লাগানো হয়েছিল এবং সেগুলির অধিকাংশই বর্তমানে জীবিত রয়েছে। শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্যা ও সংরক্ষণে বিশেষ নজর দেওয়ায় এই সাফল্য এসেছে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ‘উইমেন ফর ট্রি’ কর্মসূচিও ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করা হয়েছে।
এবার ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিকে আরও বৃহত্তর আকারে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণের পাশাপাশি স্কুল-কলেজ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ নাগরিকদের যুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের পরিচর্যা ও বেঁচে থাকার হার নিশ্চিত করতেই বিশেষ নজরদারি ব্যবস্থাও গড়ে তোলা হবে।
মেয়র গৌতম দেব বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি শুধু একটি বৃক্ষরোপণ অভিযান নয়, এটি আবেগ ও দায়বদ্ধতার প্রতীক। আমরা চাই শিলিগুড়ির প্রতিটি পরিবার অন্তত একটি করে গাছ লাগাক এবং সেটিকে নিজের সন্তানের মতো পরিচর্যা করুক। গত বছর আমরা যে সাফল্য পেয়েছি, এবার তার থেকেও বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছি। পরিবেশ রক্ষা এখন আর বিকল্প নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।”
পুরনিগমের মতে, দ্রুত নগরায়নের ফলে পরিবেশগত ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ বাড়ছে। সেই পরিস্থিতিতে বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং সবুজায়ন প্রকল্পকে আরও শক্তিশালী করতে প্রশাসন ও নাগরিকদের যৌথ উদ্যোগই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। বিশ্ব পরিবেশ দিবসের আগে শিলিগুড়ি পুরনিগমের এই উদ্যোগ শহরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।