সকালেই ক্লাস, গরম থেকে রেহাই পেয়ে প্রথম দিনই নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে বাড়ল পড়ুয়ার সংখ্যা
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
তীব্র গরমের হাত থেকে শিক্ষার্থীদের রেহাই দিতে নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে চালু হল সকালের শিফটের ক্লাস বা ‘মর্নিং স্কুল’। বিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পর প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের মধ্যে উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (টি.আই.সি) সঞ্জয় ঘোষ জানান, সরকারি নির্দেশনা মেনেই বুধবার থেকে বিদ্যালয় সকালের শিফটে পরিচালনা করা হচ্ছে। এখন থেকে প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিট থেকে ক্লাস শুরু হবে এবং তা চলবে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত।
সঞ্জয় ঘোষ এও জানান, তীব্র গরমের কারণে বিগত দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের হাজিরা কিছুটা কম ছিল। তাদের নিয়মিত স্কুলে আসার জন্য বার্তা পাঠানো হলেও অনেকেই গরমে আসতে পারছিল না। তবে মর্নিং স্কুল চালু হতেই প্রথম দিনেই রেকর্ড সংখ্যক শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছিল যে সকালে স্কুল করলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়ে। সেই অনুযায়ী বুধবার প্রথম দিনেই ম্যাক্সিমাম ছাত্র-ছাত্রী উপস্থিত হয়েছে। যদিও বিষয়টি প্রথম দিকে ঐচ্ছিক ছিল, তবে শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর এবং এ.ডি.আই সাহেবের সঙ্গে কথা বলে এবং মেইলের মাধ্যমে তাদের জানিয়েই এই সময়সূচি কার্যকর করা হয়েছে।’
প্রধান শিক্ষকের মতে, এই তীব্র গরমে সকাল সকাল ক্লাস হওয়াতে শিক্ষার্থীদের অনেক বড় উপকার হবে। গরমের দিনে শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষায় বিদ্যালয় বাড়তি নজর রাখছে। সঞ্জয় ঘোষ জানান, সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়মিত বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসার জন্য সচেতন করা হচ্ছে। এছাড়া স্কুলে পানীয় জলের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তিনি বলেন,আমাদের বিদ্যালয়ে ওয়াটার এটিএম এবং সজল ধারার ব্যবস্থা রয়েছে। ফলে স্কুলে ছাত্র-ছাত্রীদের পানীয় জলের কোনো রকম অসুবিধা হবে না। সামগ্রিকভাবে, স্কুল কর্তৃপক্ষের এই সময়োপযোগী সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।