অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃ*ত্যু হল মহিলার
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক মহিলা। ঘটনার জেরে তমলুকে ওই মহিলার মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, তমলুকের চন্দ্রামেড় গ্রামের বাসিন্দা সরাজু মন্ডল (৪৯) আজ, অর্থাৎ বুধবার সকালে ননদ চন্দনা অধিকারীর সঙ্গে ধলহরা গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিতে গিয়েছিলেন। এরপর তারা দুজনে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে নারণদাঁড়ি এলাকায় তমলুকগামী একটি দ্রুতগতিতে আসা গাড়ি তাকে ধাক্কা দেয়।
গাড়ির ধাক্কায় টাল সামলাতে না পেরে সরাজু মাটিতে লুটিয়ে পড়েন এবং পাশেই পড়ে যান ননদ চন্দনাও। স্থানীয়দের সহযোগিতায় চন্দনা তাঁকে টোটোতে তুলে তমলুকের তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই মহিলার।
দুর্ঘটনা নিয়ে ননদ চন্দনা অধিকারী বলেন, “দ্রুত গতির গাড়ির ধাক্কায় বৌদি গুরুতর আহত হন। আমিও পাশে পড়ে গিয়েছিলাম তার পর বৌদি আর উঠলেন না। আমি উঠলেও বৌদি উঠল না। কান থেকে প্রচুর রক্ত বার হচ্ছিল। স্থানীয়দের সাহায্যে তাঁকে কোনও রকমে টোটোতে তুলে হাসপাতালে নিয়ে যাই”।
দুর্ঘটনা প্রসঙ্গে মৃত মহিলার স্বামী জানান, অন্নপূর্ণা যোজনা ফর্ম জমা দিতে গিয়েছিলেন আশা নিয়ে, যে তিন হাজার টাকা পাবেন। কিন্তু কখনও ভাবিনি ফর্ম জমা দেওয়ার পরই এমন দুর্ঘটনা ঘটবে এবং আমি ওকে হারাব। ঘটনার কথা ফোনে জানতে পেরে হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।