বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল পুরুলিয়ায়। সেখানে রাজ্য সরকার বুলডোজ়ার চালিয়ে ঘর-বাড়ি ভেঙে দিচ্ছে বলে অভিযোগ করে নিশানা করা হয়েছে তাঁকে। পোস্টারে লেখা হয়েছে, ‘জ্যোতির্ময়কে মারতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’ তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে, তা জানা যায়নি। ঘটনার পরেই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন জ্যোতির্ময়।
পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকও। পুলিশ ও পুরুলিয়া জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, কোটশিলা থানা এলাকা থেকে তাঁকে হুমকি দিয়ে সাদা কাগজে নীল কালিতে লেখা পোস্টারটি উদ্ধার হয়েছে। এক সময়ে পুরুলিয়া-সহ গোটা জঙ্গলমহলই মাওবাদীদের ঘাঁটি ছিল। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সাদা কাগজে লাল কালিতে পোস্টার লিখতেন মাওবাদী সদস্যরা। নীল কালিতে নয়। ফলে এই পোস্টার কারা দিল, সেই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।
পোস্টারে পুরুলিয়ার কথ্য ভাষায় টান রয়েছে। লেখা হয়েছে, ‘যবে থেকে বিজেপি সরকার এসেছে কারো জীবনে শান্তি নাই। পুরুলিয়ায় যেভাবে ঘর ভাঙছে তাতে জ্যোতির্ময়কে মারা উচিত’। তার পরেই হুঁশিয়ারির সুরে বলা হয়েছে, ‘যদি ভাঙে তাহলে আর ঘুরে ঘর যাতে পারবেক নাই।’ পোস্টারের একেবারে শেষ লাইনে লেখা, ‘জ্যোতির্ময়কে মারতে পারলে ১ লক্ষ টাকা দেওয়া হবে।’
এই পোস্টারের পিছনে চরমপন্থী এবং মাওবাদীদের হাত রয়েছে বলে সন্দেহ সাংসদের। ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘পোস্টারের বিষয়বস্তু এবং ভাষার সঙ্গে চরমপন্থী ও মাওবাদী-নকশালপন্থীদের মিল রয়েছে।’ তিনি বলেন, ‘অভিযোগ জানিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।’ ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তাঁর উপরে হামলা হয়েছিল। অভিযোগে সেই বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।