• হাসপাতাল চত্বরে স্বাস্থ্যবিধি না মেনেই বেসরকারি অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য! কড়া নজরদারির আশ্বাস
    News18 বাংলা | ০৪ জুন ২০২৬
  • হাওড়ার বিভিন্ন হাসপাতাল চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বেসরকারি অ্যাম্বুল্যান্সগুলিকে ঘিরে বাড়ছে অভিযোগ। রোগীর পরিজনদের একাংশের দাবি, জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু অ্যাম্বুল্যান্সে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগও উঠেছে, যা রোগীদের জন্য নতুন করে ঝুঁকি তৈরি করছে।

    অভিযোগ, রোগী পরিবহণের পর বহু অ্যাম্বুল্যান্সে নিয়মিত স্যানিটাইজেশন করা হয় না। গাড়ির ভিতরে পরিচ্ছন্নতার অভাবও চোখে পড়ছে। ফলে এক রোগীর পর অন্য রোগীকে বহনের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্যদিকে, নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি অর্থ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন রোগীর পরিবারের সদস্যেরা। স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিজনদের দাবি, হাসপাতাল চত্বরে থাকা বেসরকারি অ্যাম্বুল্যান্সগুলির ভাড়া ও পরিষেবার মানের উপর প্রশাসনের আরও কড়া নজরদারি প্রয়োজন।

    এ বিষয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত জানান, বেসরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে কোনও অভিযোগ পেলে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। স্বাস্থ্যবিধি মেনে পরিষেবা প্রদান এবং নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি চালানো হবে বলে তিনি জানান। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তবে অভিযোগের পাহাড় জমলেও সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, এবার বাস্তবেই কড়া নজরদারি ও নিয়মিত অভিযান চালিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে স্বাস্থ্য দফতর। এতে একদিকে যেমন রোগী ও তাঁদের পরিবারের আর্থিক চাপ কমবে, তেমনই নিরাপদ রোগী পরিবহণও নিশ্চিত করা সম্ভব হবে।
  • Link to this news (News18 বাংলা)