• ​৯০০ গ্রাম সোনা, লক্ষ লক্ষ টাকা! বাইক চুরির তদন্তে নেমে পাওয়া যা গেল, চোখ কপালে পুলিশের, ক‘টি বা
    News18 বাংলা | ০৪ জুন ২০২৬
  • মুর্শিদাবাদে যা উদ্ধার হল চমকে উঠলেন সকলেই। ​বাইক চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি। চোর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা, নগদ টাকা এবং একাধিক মোটরবাইক। এই ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ​পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইক চুরির মামলার তদন্তে নেমে মঙ্গলবার সকালে পুলিশি অভিযান চালিয়ে সুতি থানার বহুতলী এলাকার বাসিন্দা কালী কুমার মুখার্জি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তারপর ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ​

    এরপরই পুলিশ হেফাজতে ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। জেরায় মেলা কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে মঙ্গলবার ধৃতের বাড়িতে আবার তল্লাশি চালায় পুলিশ। আর তাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯০০ গ্রাম সোনার গয়না, নগদ প্রায় ১১ লক্ষ টাকা এবং পাঁচটি মোটরবাইক।

    ​উদ্ধার হওয়া মোটরবাইকগুলির কোনো বৈধ নথিপত্র রয়েছে কি না, কিংবা সেগুলি অন্য কোথাও থেকে চুরি করে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে কোনও বৃহত্তর চোরাচালান বা আন্তঃজেলা বাইক পাচার চক্র জড়িত থাকতে পারে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থের উৎস কী, সে বিষয়েও নিশ্চিত হতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, তা জানতে পুরো ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)