একজন ২৫, অন্যজন ৫২...বজ্রাঘাতে নিথর ২ প্রাণ! দু’জনেই করছিলেন একই কাজ, নদিয়ায় মর্মান্তিক ঘটনা
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
বজ্রাঘাতে নাকাশিপাড়ায় মৃত ২৷ সূত্রের খবর, বজ্রাঘাতের জেরে এক যুবক এবং এক প্রোঢ়ের মৃত্যু হয়েছে৷ মাঠে কাজ করতে গিয়ে মৃত্যু হয় প্রৌঢ় এবং যুবকের৷
জানা গিয়েছে, চাষের জমিতে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম সুবোধ সরকার (৫২)। তিনি নাকাশিপাড়া থানার ধর্মদা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বিল্লগ্রাম এলাকায় মাঠে কৃষিকাজ করছিলেন সুবোধবাবু। সেই সময় আচমকাই বজ্রাঘাতে তিনি গুরুতর জখম হন। ঘটনাস্থলে থাকা সহকর্মীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সুবোধ সরকারকে উদ্ধার করে বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাঠে চাষ করার সময়ই বজ্রপাতে মৃত্যু হল এক যুবকেরও। মৃতের নাম কাঞ্চন সরকার (২৫), বাড়ি নাকাশিপাড়া থানার বিল্লগ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে ওই যুবক বাড়ি থেকে কিছুটা দূরে কৃষি জমিতে হ্যান্ড ট্রাক্টর দিয়ে চাষ করছিল। সেই সময় বজ্রপাতের জেরে জখম হন তিনি। তাকে উদ্ধার করে বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বুধবার বিকেলের ঝড়বৃষ্টিতে মুর্শিদাবাদেও মৃত্যু হয়েছে দুই ব্যক্তির৷ বুধবার বিকেলে ঝড় ও বৃষ্টি শুরু হয় মুর্শিদাবাদ জেলা জুড়ে। এদিন বিকেলে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গড়াবাসা গ্রাম ও ছয়ঘরি হাসানপুর পশ্চিমপাড়া এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল দুজনের।