• তৃণমূলের প্রশ্রয়ে অনাচার! বহিষ্কৃত
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: দীর্ঘদিন ধরে কলেজে অনুপস্থিত থাকার পরও নিয়মিত বেতন গ্রহণ, অধ্যক্ষকে হুমকি এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের এক অস্থায়ী গ্রুপ-ডি কর্মীকে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। তাঁর নাম রাজু রায়অধিকারী। তিনি এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত।

    কলেজ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্মী ২০২৫-এর জুলাই মাস থেকে কার্যত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কলেজের হিসাব অনুযায়ী টানা ১১৭ দিন তিনি কলেজে আসেননি। অথচ নিয়মিত বেতন গ্রহণ করেছেন রাজু। শুধু তাই নয়, তাঁর আবেদনের ভিত্তিতে সম্প্রতি মাসিক বেতন ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছিল বলেও কলেজ থেকে জানা গিয়েছে।

    অভিযোগ, বেতন বৃদ্ধি হওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি। কলেজের অধ্যক্ষ শ্রীজিত দাস একাধিকবার ফোন করে তাঁকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যান অভিযুক্ত বলে অভিযোগ। কখনও অসুস্থতার কথা বলে কখনও অন্য কারণ দেখিয়ে আসেননি। এরপর মঙ্গলবার ফোনে অধ্যক্ষকে রাজু হুমকি দেন বলে অভিযোগ। এরপরই কঠোর সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত কর্মীকে বহিষ্কার করার পাশাপাশি বুধবার সকালে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ শ্রীজিত দাস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে বিবেকানন্দ কলেজে যান আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস। তিনি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বিধায়ক বলেন, 'এই ঘটনায় আমি একটুও অবাক নই। রাজ্যে এখনও বহু সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন, যাঁরা প্রতি মাসে বেতন নেন। কিন্তু দায়িত্ব পালন করেন না। আলিপুরদুয়ারেও এমন ঘটনার নজির রয়েছে। আমি সকলকে সতর্ক করছি, কেউ যদি এ ধরনের কাজ করেন, তাহলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

    অধ্যক্ষ শ্রীজিত দাস বলেন, '৫ মে থেকে কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে কলেজে প্রশাসক রয়েছেন। রাজু ১১৭ দিন অনুপস্থিত ছিলেন। তাঁর আবেদন মেনে বেতনও বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু তারপরও তিনি কাজে যোগ দেননি এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তাই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।' যদিও এই অভিযোগ প্রসঙ্গে বহিষ্কৃত কর্মীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)