• মমতা না বললে পদত্যাগ করতে রাজি নন গৌতম, ফিরহাদকে নিয়ে তুঙ্গে জল্পনা
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: দল নির্দেশ না-দিলে শিলিগুড়ি পুরসভার মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাববেন না গৌতম দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই তাঁর কাছে চূড়ান্ত। বুধবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ার পরে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র।

    এ দিন সন্ধেয় খবর ছড়িয়ে পড়ে, ফিরহাদ নাকি মেয়র পদ ছাড়তে চলেছেন। মমতা তাঁকে এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। যদিও কিছুক্ষণ পরে জানা যায়, ওই পদ ছাড়েননি বিধায়ক ফিরহাদ। এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময়ে শিলিগুড়ি পুরসভা নিয়েও তৈরি হয় কৌতূহল। আগেই মেয়র গৌতম বলেছিলেন, তিনি পদত্যাগপত্র তৈরি করে রেখেছেন। তা হলে কি এ বার পদ ছেড়ে দেবেন? গৌতম বলেন, 'ভোটের ফল প্রকাশের পরে পদত্যাগ করার কথা ভেবেছিলাম। তবে দল থেকে অনুমতি পাইনি। এখনও আমার একই কথা। দল নির্দেশ না-দিলে পদত্যাগ করব না।'

    মেয়র পদে থাকলেও রাজনীতি থেকে ক্রমশ নিজেকে গুটিয়ে নিচ্ছেন এত দিনের পোড়খাওয়া রাজনীতিক গৌতম। আর কখনও নির্বাচনে দাঁড়াবেন না, মনস্থির করেছেন। গৌতমের কথায়, 'ফিরহাদ হাকিমের পদত্যাগের কথা কয়েকজন সাংবাদিকের মুখে শুনলাম। জানি না ঠিক খবর কি না। টিভি খুলিনি। এখন সময়ও নেই। একটা অনুষ্ঠানে যেতে হবে। তার পরে খোঁজ নেব।'

    রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে কলকাতা পুরসভা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে অনেকে মনে করছেন। শিলিগুড়ির পুরসভারও কি একই হাল হবে? এ নিয়ে মাথা না ঘামিয়ে মহানাগরিক হিসেবে কিছু কাজ করার কথা এখনও ভাবছেন গৌতম। আগামী বছরের ফেব্রুয়ারিতে শিলিগুড়ি পুরসভার চলতি বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। পুরসভা শহরের বেশ কিছু দুঃস্থ এবং মেধাবী ছেলেমেয়েকে মেয়র তহবিল থেকে অর্থ সাহায্য করা হয়। পুর নির্বাচনের আগে সেই তহবিল আরও একটু পুষ্ট করে যেতে চান মেয়র, যাতে দুঃস্থ ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত না-ঘটে।

    আর কী পরিকল্পনা? শিলিগুড়ি পুরসভার অনেক পরিষেবাই এখন অনলাইনে পাওয়া যায়। গৌতম জানান, যে পরিষেবা এখনও অনলাইনের আওতায় আসেনি, সেগুলিও ডিজিটাল মাধ্যমে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পানীয় জল প্রকল্প, ভূগর্ভস্থ বিদ্যুতের তার বসানো, মাতৃসদনের পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পূর্ণ করে ফেলতে চান তিনি। এত কাজ শেষ করার জন্য সময় হাতে আছে বটে, কিন্তু দলের ভিতরে বদলাতে থাকা সমীকরণ কোথায় দাঁড়াবে, তার উপরে অনেক কিছু নির্ভর করতে পারে।

  • Link to this news (এই সময়)