দিল্লির মালব্য নগরের হোটেলের পরে এ বার বিহারের হাসপাতাল। আগুন লাগল বিহারের একটি বেসরকারি হাসপাতালে। মুজফফপুর জেলার ওই হাসপাতালে ICU ওয়ার্ডে আগুন লাগে। এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুজফফপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন। আরও কয়েক জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা।
একটি সূত্র দাবি করেছে, ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ঘটনায় আহত হয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত ২০ জন রোগীকে সেখান থেকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও জানা গিয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে প্রসাদ হাসপাতাল নামে বেসরকারি হাসপাতালের ওই আগুন লাগার পরেই উদ্ধার কাজ শুরু করেছে দমকল এবং পুলিশ। কী কারণে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
তবে, প্রাথমিক সূত্রে খবর, মুজফফপুর জেলার ব্রহ্মপুরা এলাকার ওই বেসরকারি হাসপাতালের ছ'তলায় থাকা ICU-তে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগে বলে মনে করছেন আধিকারিকরা। আগুন লাগার পরেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
আগুন লাগার খবর পাওয়ার পরেই সেখানে যান মুজফফপুরের জেলাশাসক, সিনিয়র পুলিশ সুপার-সহ শীর্ষ আধিকারিকরা। রোগীদের নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।
আইসিইউতে প্রায় ১৩ জন রোগী ছিলেন এবং আরও কয়েক জন CCUতে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন জেলাশাসক। ওই ঘটনায় হাসপাতালের আইসিইউ ইন-চার্জও গুরুতর আহত হয়েছেন। তাঁকেও কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দমকল বাহিনীর আধিকারিক রাম নিবাস পান্ডে জানিয়েছেন, ভোর ৩টা ৫৫ মিনিট নাগাদ প্রসাদ হাসপাতালে আগুন লাগার খবর পাওয়ার পরেই সেখানে যায় দমকলের ১২টি ইঞ্জিন। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলেই প্রাথমিক ভাবে মনে করছেন তাঁরা। ওই ওয়ার্ডে থাকা সমস্ত রোগীকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কী কারণে এই আগুন লাগে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
বিস্তারিত আসছে...